19/10/2024
হাওড়া, শিয়ালদা ও কলকাতা মিলিয়ে ৫২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করল পূর্ব রেল। সব ট্রেনের যে প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময় বা প্রান্তিক স্টেশনে পৌঁছানোর সময় পরিবর্তন হয়েছে, তেমনটা নয়। অধিকাংশ ট্রেনেরই যাত্রাপথের কোনও স্টেশনে পৌঁছানোর সময়সূচি পালটানো হয়েছে। যে তালিকায় অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস, সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস, জম্মু তাওয়াই-শিয়ালদা হামসফর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন আছে। উত্তরবঙ্গের একাধিক ট্রেনও সেই তালিকায় রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস। আগামী নভেম্বরের শেষের দিক থেকে সেই নয়া সময়সূচি কার্যকর হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।