07/09/2024
প্রত্যেক প্রাইভেট টিউটর ও অভিভাবক/ অভিভাভিকার কাছে বিনীত অনুরোধ, আপনারা ক্লাস অনুযায়ী একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, অনেক টিউটর ইতিমধ্যেই করে ফেলেছেন। যাঁরা করেননি, তাঁরা অবশ্যই করুন। সেখানে ব্যাচ শেষ হয়ে গেলে "ছুটি দেওয়া হলো", অথবা যেদিন পড়ানো ছুটি থাকবে লিখে দেওয়া, কোনো স্টুডেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে পড়তে না এলে "অমুক অনুপস্থিত কেনো?" লিখে দেওয়া দরকার হলে অভিভাবককে ফোন করে খোঁজ নেওয়া, এগুলো করা শুরু করুন। এতে টিউটর- অভিভাবক দু'পক্ষের চাপ বাড়বে, সময় খরচ হবে ঠিকই, কিন্তু অভিভাবকদের কাছেও যেমন তাঁর ছেলেমেয়েদের গতিবিধি জানা থাকবে, তেমনই টিউটররাও নিশ্চিন্ত থাকতে পারবেন। কটায় ছুটি হলো, সেখান থেকে বাড়ী ফিরতে কত সময় লাগে পুরোটা অভিভাবক জানবেন। মাস মাহিনা দেওয়ার আছিলাতেও যদি মাসে একবার অন্তত টিউটরের সাথে দেখা করেন, ছেলেমেয়ে সম্পর্কে তথ্য বিনিময় হবে। পুলকার বা অটো টোটোতে ছেলেমেয়ে স্কুলে যাতায়াত করলে তার সম্পর্কেও খোঁজ খবর রাখুন আগে থেকে। দুর্ঘটনা বলে আসে না, কোনো দুর্ঘটনা ঘটে গেলে যেনো ভাবতে না হয় - ইস আগে কেনো খোঁজ নিইনি!!
ধনঞ্জয়ের ফাঁসি, নির্ভয়া কাণ্ড বা তিলোত্তমার ঘটনায় পর এই ধরনের অন্যায় কি থেমে গেছে? না কি ঘটবে না? তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে সাবধান থাকার, ছেলেমেয়েদের সাবধানে রাখার।
স্কুলেও কিন্তু পরপর ২/৩ দিন অনুপস্থিত থাকলে বাড়ী থেকে চিঠি নিয়ে যেতে হয়। অনেক স্কুল স্বতঃপ্রণোদিত ভাবে অভিভাবকদের ফোন করে জিজ্ঞেস করেন, সেই নজির আছে।
আগে লিখেছিলাম বিস্তারিত ভাবে, আজ ছোট্ট করে লিখি- যতো চাপ থাকুক, বাচ্চাদের সময় দিন, তাদের বন্ধুবান্ধব, তাদের স্কুল ও প্রাইভেট টিউটর সম্পর্কে যেনো স্বচ্ছ ধারণা থাকে আপনার কাছে।
ভালো থাকুন ❤️ সুস্থ থাকুন ❤️