02/04/2022
🙏🙏🙏
তাঁর আবির্ভাব দিবসে লিখতে বসে বহুযুগের ওপার হতে মনে পড়ে কালের মন্দিরাকে। তুঙ্গভদ্রার তীরে বসে মনকে আবিষ্ট করে ফেলে গৌড় মল্লার।
যদিও তিনি বারবার বলে গিয়েছেন, 'আমি ঐতিহাসিক কাহিনী লিখি, সেটা নিছক গল্প। গল্পের ছলে ইতিহাস নয়!', তবু বাঙালি যে তাঁকেই যষ্টি করে চিনেছে শিবাজী থেকে শশাঙ্ককে, গোয়েন্দা গল্পের মোড়কে জেনেছে দ্বিতীয় যুদ্ধের সমাজকে, অনুভব করেছে কষ্টকে! জীবনের দ্বিতীয়ভাগে মহারাষ্ট্রে কাটানো প্রবাসী জীবনে অবদান রেখে গিয়েছেন চলচ্চিত্রেও, লিখেছেন একের পর এক কালজয়ী চিত্রনাট্য।
ব্যোমকেশ থেকে সদাশিব, বরদা থেকে অজিত উঁকি দিয়ে যায় আজ তাদের জনকের জন্মদিনে! দেখেশুনে তারা আশ্বস্ত হয়, হ্যাঁ, মৃত্যুর বাহান্ন বসন্ত পরেও তাদের পিতার সাম্রাজ্যবিস্তারে কোন ছেদ পড়েনি। সময় যতই এগোক, যুগ যতই বদলাক, প্রজন্মের পর প্রজন্ম ধরে সগর্বে ক্রমশ প্রসারিত হয়ে চলেছে সেই রাজপাট, বইয়ের সাদাকালো পৃষ্ঠাগুলো বা হেডফোনে গল্প, সিনেমা হোক বা নাটক, আজও জনমানসে অপরিহার্য তাদের পিতা। বাংলা সাহিত্যের রাজকুমার আজও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়!
জন্মদিনে প্রণাম! 🙏