04/10/2016
চাইলে আপনি যেকোনো জায়গা থেকেই টাকা উপার্জন করতে পারবেন যদি আপনার সঠিক পথটি জানা থাকে। বাইরে গিয়ে ৯টা-৫টা পর্যন্ত অফিস করতে অনেকেরই ভালো লাগে না। বরং নিজেকে আরও বন্দি বন্দি লাগে। তাই অনেকেই চায় ঘরে বসে কাজ করতে। ঘরে বসে কাজ করার যেসব আসল সুবিধা আছে তার মধ্যে অন্যতম সুবিধাগুলো হলো –
সময় বাঁচানো যায় অনেক।
কাপড়চোপড়ের পিছনে টাকা খরচ হয় না।
বাইরে খাওয়ার জন্য খরচ করতে হয় না।
নিজের কাজের সময় নিজেই গুছিয়ে নেয়া যায়।
তাই অনেকেই এই কাজের দিকে ঝুঁকছে। শুধু তা-ই নয়, অনেকে তো ৯টা-৫টা অফিস করার পরেও বাড়তি কিছু আয়ের আশায় ঘরে বসেই কাজ করছে আর প্রচুর অর্থ উপার্জন করছে। তাই আপনিও যদি ভেবে থাকেন যে ঘরে বসেই আয়ের একটা ব্যবস্থা করে ফেলবেন তবে আমি বলবো আর দেরি কেন? আজই শুরু করে দিন। যেসব কাজ করে আপনি সহজেই ঘরে বসে আয় করতে পারবেন সেসব কাজের কয়েকটি এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা আমি নিচে দেয়ার চেষ্টা করেছি। দেখুন তো কোনটি আপনার জন্য সব থেকে ভালো হয়।
ওয়েবসাইট ডিজাইন
অনলাইনে আয়ের ক্ষেত্রে এটি এখন সব চাইতে উপরে আছে। দিন দিন আমাদের কেনাকাটা যেমন অনলাইনভিত্তিক হয়ে পড়ছে তেমনি সব ধরণের কাজের জন্যই আমরা অনলাইন ব্যবহার করে থাকি। ব্যবসা থেকে শুরু করে পড়াশুনা এবং কাজের জন্য একটি ওয়েবসাইট থাকা খুবই দরকার। তাই বলা যায় সবারই এখন ওয়েবসাইটের দরকার হয়ে থাকে। আজকাল ছোটখাটো ব্যবসায়ীদেরও একটি ওয়েবসাইট থাকে। ফলে এসব ওয়েবসাইট তৈরি, ডিজাইন করা, সেগুলিকে আপগ্রেড করা সহ নানা ধরণের কাজের জন্য ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা আছে এমন লোকের প্রয়োজন হয়। তাই আপনার যদি এব্যাপারে প্রচুর জ্ঞান থেকে থাকে আপনি কিন্তু অনায়াসেই এ থেকে টাকা ইনকাম করতে পারেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দিলেই আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর টাকা। তাহলে আর দেরি কেন? শুরু করে দিন যেকোনো সময়।
গ্রাফিক্স ডিজাইন
এখনকার যুগে ডিজাইনের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে গ্রাফিক্সের কাজের কারনে। শুধু তা-ই নয় রঙের অনেক কাজও হয়ে থাকে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমেই। তাই যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জেনে নিতে পারেন তবে এটিকে কাজে লাগিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভালো এবং দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের কিন্তু বেশ কদর রয়েছে বর্তমান যুগে। আমাদের দেশে অনেক কোম্পানি তো রয়েছেই সাথে বাইরের অনেক কোম্পানিও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার খুঁজে থাকেন তাদের নিজেদের কোম্পানির জন্য। তাই চাইলে আপনি এই পেশা থেকে ঘরে বসেই আয় করতে পারেন।
অনলাইন জরিপ
যেকোনো নতুন কোম্পানিই বাজারে তাদের নতুন প্রোডাক্ট ছাড়ার আগে কিছু জরিপ চালিয়ে থাকে। এসব জরিপ যদিও মাঠ কর্মীরা ঘরে ঘরে গিয়ে সংগ্রহ করে থাকে তবুও এগুলোকে গুছিয়ে ডাটাশিট তৈরি করা এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দেয়াটা কিন্তু অনেক সময় বাইরের লোকদের দিয়েই করা হয়ে থাকে। তাই ডাটাশিট তৈরি,বিভিন্ন চার্ট দেখে সেটার গ্রাফ বানানো এসব কাজে যদি আপনার আগ্রহ থেকে থাকে তবে ঘরে বসেই আপনি এগুলো করতে পারবেন। এছাড়া বাইরের দেশে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র জরিপের কাজটিই করে এবং নিজেদের তৈরি করা বিভিন্ন জরিপের তথ্য বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে অর্থ উপার্জন করছে। আমাদের দেশে এমনভাবে শুধুমাত্র জরিপের জন্য কোন কোম্পানি তৈরি না হলেও কিছুদিন পর বিভিন্ন কোম্পানিগুলো জরিপের কাজে লোক খুঁজে থাকে। তাই আপনি চাইলে ঘরে বসেই এই কাজটি করতে পারেন। এছাড়া অনলাইনের বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে জরিপ করার কাজও আপনি করতে পারবেন বাসায় বসেই।
ডাবিং এর কাজ করা
বিভিন্ন কার্টুন থেকে শুরু করে মুভির ডাবিং এর জন্যও লোক লাগে। ইংলিশ মুভির বাংলা ডাবিং করতে গেলে সুন্দর কণ্ঠের মানুষ খুঁজে বের করতেই হয়। তাই আপনার কণ্ঠ যদি সুন্দর হয়ে থাকে তবে আপনি চাইলেই ঘরে বসে ডাবিং এর কাজ করতে পারবেন। এর সাথে যদি আপনার বিভিন্ন ভাষাও জানা থাকে তবে আপনি সহজেই অন্যান্য দেশের লোকদের সাথে কাজ করতে পারবেন। ডাবিং এর কাজটি এমন একটি কাজ যাতে শুধু কণ্ঠ সুন্দর থাকলেই হয় না, সুন্দর করে,সঠিক উচ্চারণে কথা বলাও জানতে হয়। তাই আপনি চাইলে কিছুদিন প্র্যাকটিস করে নিতে পারেন। এছাড়া নিজে নিজে সুন্দর করে কথা বলার চেষ্টা করতে থাকলে সবার সামনে আপনার কথা বলার ভঙ্গিও সুন্দর হয়ে যাবে। তাই অনলাইনে একটু খোঁজখবর রাখলে ঘরে বসেই এই কাজটি আপনি করতে পারবেন।
ফ্রিল্যান্স রাইটিং
“অসি অপেক্ষা মসি শক্তিশালী” একথা আমরা কে না শুনেছি। এমন অনেক কথাই আছে যা মুখে না বলে শুধুমাত্র লিখে বলার ফলে সেটির কার্যকারিতা অনেকগুণ বেড়ে যায়। ঠিক তেমনি অনলাইনে যারা ব্যবসা করে থাকে তারা তাদের নিজেদের প্রোডাক্টের গুণগান গুছিয়ে মানুষের সামনে প্রকাশ করার জন্য ফ্রিল্যান্স রাইটার ভাড়া করে থাকে। এদের কাজ হল অর্থের বিনিময়ে উনারা লিখে থাকেন। নিজের প্রয়োজনমতো কি কি বিষয় তুলে ধরে কেমন টাইপের লেখা আপনি চাচ্ছেন এটা তাদের বলে দিলে উনারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে সেটি লেখার মাধ্যমে প্রকাশ করে থাকেন। তাই আজকাল ফ্রিল্যান্স রাইটারদের অনেক কদর রয়েছে। এটি আপনি ঘরে বসে যেকোনো সময় করতে পারবেন।
হাতে তৈরি গিফট সামগ্রী
এখনকার যুগ হচ্ছে মেশিনের যুগ। তাই হাতে তৈরি জিনিস আজ বিলুপ্তির পথে। অনেকে শখের বশে নানারকম জিনিস তৈরি করে থাকে। কাপড়ের পুতুল,ওয়াল ম্যাট,মাটির গয়না প্রভৃতি কিন্তু হাতের ছোঁয়াতেই তৈরি হয়। তাই আপনি যদি এসব জিনিস বিক্রি করতে চান তাহলে ঘরে বসেই বিক্রি করতে পারবেন। নিজের সময় এবং সুযোগ অনুসারে এগুলো তৈরি করতে পারবেন আর ইচ্ছামতো বিক্রি করতে পারবেন। বিজ্ঞাপন দেয়ার জন্য অনলাইন তো রয়েছেই। আপনার প্রোডাক্টের সুন্দর কিছু ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে যাদের আপনার প্রোডাক্ট পছন্দ হবে তারাই আপনাকে খুঁজে বের করবে প্রোডাক্টটি কেনার জন্য। একটি কথা কিন্তু না বললেই নয়। ঘর সাজানো থেকে শুরু করে নিত্যদিনের যেকোনো কাজে এসব জিনিসের প্রয়োজনীয়তা কিন্তু একটুও কমেনি। তাই এগুলোকে ফেলনা বা ফালতু কাজ ভুলেও ভাববেন না যেন।
পোডকাস্ট
এই কাজটি আমাদের দেশে আসলে সেভাবে পরিচিত নয় এখনো। তবে চাইলে এই পথে ক্যারিয়ার গড়া যায় ঘরে বসেই। প্রথমে জানতে হবে পোডকাস্ট আসলে কি। অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাওয়া যায় যেখানে ছবির সাথে সাথে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়। এটাকেই পোডকাস্ট বলা হয়। শুধু অডিওর মাধ্যমে বর্ণনা করাকেও পোডকাস্টই বলে। এসব ক্ষেত্রে গ্রাহক তার প্রয়োজন বিস্তারিতভাবে জানিয়ে দেয় এবং সে অনুসারে অডিও বা ভিডিও রেকর্ড করা হয়। যেহেতু কথা বলে বুঝাতে হয় তাই একই সাথে উপস্থাপনা এবং বুঝিয়ে বলায় দক্ষতা থাকতে হয়। এই কাজটিও চাইলে আপনি ঘরে বসেই করতে পারবেন আর প্রচুর অর্থ আয় করতে পারবেন।