30/09/2026
পর্ব–২
ফোনের ওপাশের নীরবতা
রফিক ভাই দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। এক হাতে স্যাম্পলের ব্যাগ। অন্য হাতে মোবাইল ফোন।
এনজিওর সাদা গাড়ি থেকে একজন লোক নেমে এসে বলল,
— রফিক সাহেব, আমরা দেরি করে ফেলছি। স্যাম্পলটা নিয়ে আসুন।
রফিক ভাই উত্তর দিলেন না। তার কানে তখনও বাজছে সেই অসমাপ্ত বাক্য।
"আপনার স্ত্রী..."
এরপরই লাইন কেটে গিয়েছিল। তিনি আবার নম্বরে কল দিলেন।
একবার।
দুইবার।
তিনবার।
প্রতিবারই একই উত্তর— "এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।"
হঠাৎ মনে হলো বুকের ভেতর কেউ পাথর বসিয়ে দিয়েছে। তিনি গাড়ির দিকে তাকালেন। তারপর আকাশের দিকে। তারপর আবার ফোনের দিকে। জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত কখনও না।
অবশেষে তিনি গাড়ির লোকদের কাছে গিয়ে বললেন,
— দশ মিনিট সময় হবে?
লোকগুলো একে অন্যের দিকে তাকাল। তারপর একজন বলল,
— সর্বোচ্চ পনেরো মিনিট।
রফিক ভাই রিকশায় উঠে হাসপাতালে রওনা দিলেন। রিকশা চলতে শুরু করল। রাস্তার দুপাশে মানুষজন তাদের স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত। কেউ বাজার করছে। কেউ অফিসে যাচ্ছে। কেউ চায়ের দোকানে রাজনীতি করছে। শুধু রফিক ভাইর পৃথিবীটাই যেন থেমে গেছে।
হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে তার হাত-পা কাঁপতে শুরু করল। রিসেপশনে গিয়ে স্ত্রীর নাম বলতেই একজন নার্স অবাক হয়ে তাকাল।
— আপনি স্বামী?
— জি।
— আপনার স্ত্রী তো ভর্তি হয়নি।
রফিক ভাই হতভম্ব।
— কী বলছেন?
— এই নামে আজ কোনো রোগী আসেনি।
মুহূর্তের মধ্যে তার মাথা ঘুরে গেল। তাহলে ফোনটা কে করেছিল? কেন করেছিল? কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফোন দিলেন। স্ত্রী নিজেই ধরল। স্বাভাবিক কণ্ঠ।
— তুমি কোথায়?
রফিক ভাই যেন নতুন জীবন ফিরে পেলেন।
— তুমি ভালো আছো?
— হ্যাঁ। কী হয়েছে?
তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শুধু বললেন,
— কিছু না।
কিন্তু তার ভেতরে প্রশ্নের ঝড়। হাসপাতাল থেকে তাহলে ফোন করল কে? কেন? এত বড় ভুল কি সম্ভব?
নাকি...
কেউ ইচ্ছা করে করেছে? দুপুরের দিকে তিনি এনজিও অফিসে পৌঁছালেন।
স্যাম্পল দেখে সবাই খুশি। খুব খুশি। প্রজেক্ট ম্যানেজার বললেন,
— অসাধারণ হয়েছে।
রফিক ভাইর চোখে পানি চলে এলো। মনে হচ্ছিল সব কষ্ট শেষ হতে চলেছে। লোকটা ফাইল বের করল। চুক্তিপত্র টেবিলে রাখল।
— আজকেই আমরা অগ্রিম এক লাখ টাকা দিতে পারি।
রফিক ভাই কলম হাতে নিলেন। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এল।
অচেনা নম্বর। মেসেজে মাত্র একটি লাইন।
"চুক্তিতে সই করবেন না। আপনার ক্ষতি হবে।"
তার নিচে একটি ছবি। ছবিটা দেখে রফিক ভাইর শরীর ঠান্ডা হয়ে গেল। এটা তার দোকানের ছবি। আজ সকালেই তোলা। আর ছবির এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মানুষ।
কালো শার্ট। মুখ দেখা যাচ্ছে না। কিন্তু লোকটাকে তিনি চিনেন। খুব ভালো করেই চিনেন।
কারণ পাঁচ বছর আগে এই মানুষটার কারণেই তিনি প্রায় সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন। যাকে তিনি জীবনে আর কখনও দেখবেন না বলে ভেবেছিলেন। লোকটা ফিরে এসেছে। রফিক ভাই কাঁপতে কাঁপতে মাথা তুললেন। ঠিক সেই মুহূর্তে অফিসের কাঁচের জানালার বাইরে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একজন মানুষের সঙ্গে তার চোখাচোখি হলো।
কালো শার্ট। মুখে হালকা হাসি।
আর তারপর...
লোকটা ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। রফিক ভাইর হাতে তখনও সই না করা চুক্তিপত্র।
আর তার বুকের ভেতর আবারও শুরু হলো নতুন এক ঝড়...
চলবে...