24/04/2015
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার
স্টাফ রিপোর্টার: আগামী শনিবার সারা দেশে উদযাপিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এদিনে ছয় থেকে এগার মাস বয়সি দুই কোটি ১৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এজন্য দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা থাকবে। এবারে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে বলা হয়েছে।
বৃহস্পতিবারে দুপুর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক এতথ্য জানান।
প্রতি মন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ প্লাস অন্ধত্ব প্রতিরোধ করতে পারে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে পারে। সকল ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমিয়ে আনে। হামজনিত মৃত্যুর হার ৫০ শতাংশ কমানো সম্ভব। ডায়রিয়া জনিত মৃত্যুর হার ৩৩ শতাংশ কমিয়ে আনা সম্ভব।
জাহিদ মালিক বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালে কোন কুচক্রি মহল নেতিবাচক প্রচারণার মাধ্যমে এই কর্মসূচি ব্যাহত করতে পারে। এজন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলায়, জেলায় ও কেন্দ্রে সার্বক্ষনিক কন্ট্রোল রুম থাকবে বলে তিনি জানান।