01/04/2025
শুভ জন্মদিন 'রাজশাহী কলেজ' । আজ ০১ এপ্রিল ২০২৫ 'রাজশাহী কলেজ ' - এর ১৫৩তম প্রতিষ্ঠা দিবস। ১৮৭৩ সালের ০১ এপ্রিল রাজশাহী কলেজের প্রদৃপ্ত যাত্রার শুরু। মহাকালের চিরন্তন স্রোতে সুদীর্ঘ বন্ধুর পথ পেরিয়ে রাজশাহী কলেজ আজ ০১ এপ্রিল ২০২৫ তার জন্মের ১৫২ বছর পার করছে। এই মাহেন্দ্রক্ষণে প্রতিষ্ঠাকালীন হতে অদ্যাবধি পর্যন্ত সকল সম্মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শুভানুধ্যায়ীকে জানাই উষ্ণ অভিনন্দন।
২। ১৫২ বছরের অপ্রতিরোধ্য জয়যাত্রায় সুবিপুলা-স্বর্ণগর্ভা রাজশাহী কলেজ তার অগুনতি কীর্তির বিপরীতে জড়িয়েছে শ্রেষ্ঠত্বের উত্তরীয়। প্রাণরাঙা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ক্লান্তিহীন -চিরযৌবনা রাজশাহী কলেজ ঊনবিংশ শতাব্দীর বঙ্গীয় নবজাগরণের উদার - উন্নত - আধুনিক শিক্ষা ব্যবস্হার অন্যতম শ্রেষ্ঠ প্রতিমূর্তি। আর তাই তো, সার্ধশত বয়সে আজও তার রাজকীয় মেজাজ অধিক প্রাণপূর্ণ। সজীব ও প্রাণময়। ১৫২ বছর পূর্তিতে দুর্দম্য-ঐশ্বর্যশীলা - প্রজ্বলিত -রত্নপ্রসবিনী রাজশাহী কলেজের জন্য অমেয় ভালোবাসা।
৩। গভীর শ্রদ্ধা ও বিনয়াবনতচিত্তে স্মরণ করছি এতদাঞ্চলের রাজা- মহারাজা- জমিদার - ভুস্বামী - সমাজহিতৈষীদের, যাঁরা কলেজটির প্রতিষ্ঠার স্বপ্নচারী এবং মূল ভিত্তি রচনা ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার অগ্রগণ্য ও কালজয়ী ভূমিকা রেখেছেন। তাঁরা ঊনবিংশ শতাব্দীর সমগ্র উত্তরবঙ্গের নবজাগরণের প্রভা এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অগ্রনায়ক। নিঃসন্দেহে, তাঁরা নবজাগরণের দিকপাল ডিরোজিও -রামমোহন - বিদ্যাসাগর প্রমূখের যোগ্য উত্তরসূরী। তাঁরা আজ লোকান্তরিত কিন্তু তাঁদের অগ্রগামী চিন্তা-চেতনা- ত্যাগের কীর্তি রাজশাহী কলেজ আজও দীপ্তোজ্জ্বল- দীপ্তিশালী।
৪। বাংলায় নবজাগরণের ঊনবিংশ শতাব্দীর প্রথমপর্বে ইংরেজি শিক্ষা ব্যবস্হার প্রবর্তনের ফলস্বরূপ বেসরকারি উদ্যোগে রাজশাহী শহরে ১৮২৮ সালে স্হাপিত হয় বাউলিয়া ইংলিশ স্কুল। ১৮৩৬ সালের ২৩ জুন সরকার এটিকে " রাজশাহী জেলা স্কুল "-নামকরণ করেন। পাশ্চাত্য উচ্চ শিক্ষা বিস্তারে এই জেলা স্কুলটিতে ০১ এপ্রিল ১৮৭৩ সালে ফার্স্ট আর্টস( এফ এ) ক্লাস প্রবর্তনের মাধ্যমে রাজশাহী কলেজের ঐতিহাসিক বুনন যাত্রা শুরু। অর্থাৎ ১৮৭৩ সালে স্কুলটিকে 'সেকেন্ড গ্রেড কলেজ' -এর মর্যাদা প্রদান করা হয়। বলাবাহুল্য, স্বল্প সময়ের ব্যবধানে সার্বিক সূচকে কলেজটি প্রসিদ্ধি অর্জন করায় ১৮৭৮ সালে রাজশাহী কলেজ প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। কলেজটিতে ১৮৭৮, ১৮৮১ ও ১৮৮৫ সালে যথাক্রমে বি.এ, এম.এ ও বি. এল এবং বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু হয়। উল্লেখ্য, ১৮৭৮ সালে প্রথম শ্রেণির কলেজ হিসেবে অনুমোদন পাওয়ার পর বাউলিয়া হাই স্কুল (রাজশাহী জেলা স্কুল) এর পরিবর্তে "রাজশাহী কলেজ "
এবং স্কুলটি "রাজশাহী কলেজিয়েট স্কুল " নামকরণ করা হয়। নামকরণের নিরিখে প্রতিষ্ঠানের বয়স নির্ধারণ যুক্তিযুক্ত নয় বলেই " রাজশাহী কলেজ " - এর জন্মকাল ০১ এপ্রিল ১৮৭৩।
৫। শিক্ষা, সাহিত্য, শিল্প - সংস্কৃতি বিবিধ ধারায় রাজশাহী কলেজকে অনন্য ও অপ্রতিরোধ্য যাত্রার যশোরাশি করে কীর্তিমান বহু অধ্যক্ষ এবং অসাধারণ পাণ্ডিত্যসম্পন্ন অসংখ্য শিক্ষক। বিনম্রচিত্তে সকল যশস্বী অধ্যক্ষ ও খ্যাতিমান শিক্ষাগুরুর প্রতি নিবেদন করছি অঢেল শ্রদ্ধা।