24/08/2024
ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যার কারণ সম্পর্কে যা বলছেন বিশেষজ্ঞরা
চ
ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যার কারণ সম্পর্কে যা বলছেন বিশেষজ্ঞরাX
ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যার কারণ সম্পর্কে যা বলছেন বিশেষজ্ঞরা। ছবি : চ্
আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে ১১ জেলা। যাতে এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর মিলেছে। বৃষ্টি থামায় কিছু স্থান থেকে নামছে বানের পানি। তবে এখনও ৭টি নদীর পানি বইছে বিপৎসীমার উপরে। বৃদ্ধির প্রবণতা আছে আরও ৪১টিতে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এদিকে বন্যায় কবলিত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজী। মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে যায় লোকালয়। এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার তীব্রতা অনেককে হতবাক করেছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বন্যার এমন ভয়াবহতার কারণ সম্পর্কে পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, ৩০ বছর আগেও কুমিল্লা ও ফেনীতে প্রতি বছর বন্যা হতো। বন্যার কারণে গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। এখন বন্যা না হবার কারণ হচ্ছে বাঁধ পানি ধরে রাখে। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, তাতে আমাদেরও কিছু উপকার হয়েছিল।
আইনুন নিশাত বলছেন, সারা মাসে যে পরিমাণ বৃষ্টি হবার কথা, অগাস্ট মাসের মাঝের তিনদিনে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এছাড়াও ত্রিপুরা মিজোরামসহ বাংলাদেশের ওই অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা যদি ঢাকায় হতো, তাহলে ঢাকার ৮০ শতাংশ এলাকা ডুবে যেত।
ফলে বন্যার জন্য অতিবৃষ্টির বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন এই বিশ্লেষক।
এদিকে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে ‘বন্যা একেবারে হয় না, তাও না’। তবে অন্য বছরগুলোর তুলনায় এবছর বন্যা বেশি হয়েছে বলে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লাতে অত বড় বন্যা হয় নাই। কিন্তু ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজারে সাধারণত বন্যা হয়। এ বছর বড় পরিসরে বেশি এলাকাজুড়ে বন্যা হয়েছে, ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ২০০৭ সালের পর কুমিল্লায় এবারই বড় আকারের বন্যা হয়েছে। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২০১৮ সালেও এমন বন্যা দেখা যায়।
জল পরিবেশ ইন্সটিউটের চেয়ারম্যান ম. ইনামুল হক বলেন, আগের থেকেই ফেনী বন্যাপ্রবণ এলাকা। মুহুরী-কহুয়া-সিলোনিয়া, এই তিনটি নদী জেলাটিকে বেষ্টিত করে রেখেছে।
তিনি বলেন, নদীর পাশে বন্যা প্রতিরোধ বাধ আছে। এই বাধ অল্প বন্যা প্রতিরোধ করতে পারে, বড় বন্যা নয়। ফলে মিজোরাম ও ত্রিপুরায় যে ভারি বর্ষণ হয়েছে, তা উজান থেকে ভাটিতে নেমে এসেছে।
ম. ইনামুল হক বলেন, এর মধ্যে একটি প্রভাব রেখেছ স্থানিক নিম্নচাপ। কারণ স্থানিক নিম্নচাপ হলে মেঘ উত্তর দিকে সরে যেতে পারে না। ফলে একটি জায়গাতে বৃষ্টিপাত করতেই থাকে।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে নিম্নচাপ হয়েছে, যার ফলে অতি বৃষ্টি ও বন্যা হয়েছে।
এদিকে বন্যায় ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন, মারা গেছেন ১৫ জন। পুরুষ ১৩ জন, নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে ১, চট্টগ্রামে ৪, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।
আরও পড়ুন: সীমান্তে ধরা খেয়ে যা বললেন সাবেক বিচারপতি মানিক
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ১ লাখ ১৫ হাজার ৩০ জন লোক এবং ১৮ হাজার ৯৬টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৯টি মেডিকেল টিম চালু রয়েছে।
বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।