02/09/2023
ঠিক কতবার যে হেরে যাওয়ার পর নতুন করে আবার বুকে শক্তি সঞ্চয় করেছি, জীবনের কাছে নিজেকে ঠিক কতবার যে অসহায় বলে মনে হয়েছে তার সঠিক হিসেব হয়ত আমার কাছে নেই। তবে এতটুকু ঠিক নিশ্চিত করে বলতে পারি যে, জীবনের এই জার্নিতে প্রতিটি দিন আমি নতুন কিছু না কিছু শিখেছি। আবিষ্কার করে গেছি নতুন এক আমিকে। হ্যাঁ, নিজেকে ঠিক কতটুকু চিনতে পেরেছি এই প্রশ্ন কেউ আমায় করলে অবশ্যই তার উত্তর হবে; একটুও না। তবে বারংবার খণ্ডে খণ্ডে বিভক্ত হয়েও যে নিজের জন্য নতুন পুঁজি দাঁড় করাতে পেরেছি এটি সত্য। যা আমাকে সবসময়ই ঘুরে দাঁড়ানোর শক্তি জোগায়। মনে রাখা দরকার, সারাজীবন কেউ হেরে যায় না। শত আঘাতে জর্জরিত, হারাতে হারাতে সব হারিয়ে ফেলা মানুষটাও হয়ত কোন একদিন এসে নতুন করে আবার ঘুরে দাঁড়ায়। আর এই ঘুরে দাঁড়ানোটাই তার সত্যিকারের অর্জন। প্রকৃতি যা তার কাছ থেকে সবসময়ই চেয়ে এসেছে। নিজেকে খুঁজো, নিজেকে জানো আর সর্বাবস্থায় ভরসা রাখো নিজের প্রতি।
অর্থাৎ, তুমি যতদিন বেঁচে থাকবে, সংগ্রাম তোমাকে করতেই হবে। এ এক ধ্রুব সত্য। আর এই সত্যকে যে জানে, জানে যে বেঁচে থাকার মানে (জীবনে কীভাবে বেঁচে থাকতে হয়); তার জন্য জীবন সুন্দর। জীবনের এই বেঁচে থাকাটাই যে আমাদের জন্য বড় আশ্চর্য বিষয়!
এখানে আপনি ব্যর্থ না হলে, আঘাত না পেলে, প্রিয়জন না হারালে, জীবনের জন্য আসলে আপনি কিছুই করছেন না। আর জীবনের জন্য সবচেয়ে বড় যে সত্য, অনেক প্রিয়জন, প্রিয় মানুষ, খুব পছন্দের কিছু হারিয়ে ফেললেও, আপনাকে প্রতিটা দিন শুধু সামনেই এগিয়ে যেতে হবে। পিছনে ফেরার পথ নেই। পিছনে তাকিয়েও কোন লাভ নেই। পিছনে কিছু নেই। যদিওবা কিছু থাকে। তা কেবল আমাদের দুঃখরা, জীবনের জন্য আফসোস আর হতাশায় মোড়ানো টুকরো টুকরো স্মৃতি। বড়জোর পিছনের ঘটনা থেকে কিছু শিক্ষা নিতে পারেন শুধু, যা আপনাকে নতুন করে তৈরি করবে। কখনো কখনো মনে করিয়ে দিবে; দিনশেষে আপনার আরও অনেকদূর যাওয়া... একা আপনার নয়, আরো অনেকের জন্য অনেককিছু করা বাকি! যারা বিশ্বাস করে, ভালোবাসে আর আস্থা রাখে আপনার প্রতি, যে- আপনি পারবেন।