13/11/2025
আমরা জুলাই সনদ এবং গণভোট কেন চাই?
এক, ঐকমত্য কমিশনে যে সকল সংস্কার প্রস্তাব আলোচনা হয়ে জুলাই সনদে আসছে; যেহেতু এটা কোনো নির্বাচিত সংবিধান সভার মাধ্যমে হয়নি, সেহেতু গণভোটের মধ্য দিয়ে এর একটা গণতান্ত্রিক লেজিটিমেসি তৈরি করা প্রয়োজন।
দুই, এই সংস্কারকে আমরা গণভোট ছাড়া পরের সংসদের হাতে পুরোপুরি ছেড়ে দিতে চাই না। কারণ যে রাজনৈতিক দলই পরের সরকার গঠন করুক না কেন, তারা দলীয় স্বার্থের উপরে উঠে দেশের স্বার্থে সংস্কার করবে বলে যথেষ্ট আস্থা নেই আমাদের। তার ফলে গণভোটের ম্যান্ডেটের উপর ভিত্তি করে আগামী সংসদকে আমরা চাপে রাখতে চাই, যাতে সংস্কার করতে একটা বাধ্যবাধকতা তারা অনুভব করে।
তিন, এই বাধ্যবাধকতা গণভোট বাদে অন্য কোনো উপায়ে চাপিয়ে দিলে সেইটা অগণতান্ত্রিক হবে। কিন্তু গণভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতিতে এই চাপ তৈরি করলে সেটা আর অগণতান্ত্রিক হবে না।
চার, জুলাই সনদ যদি গণভোটে জিতে যায়, আর পরের সরকার যদি এইটাকে বাস্তবায়ন না করে, তাহলে যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ জুলাই সনদ চাইতেছে/চাইবে, তারা প্রতারিত হয়েছে বলে মনে করবে। রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের এই অনুভূতি নতুন রাজনীতি তৈরি করবে। অন্য কোনো রাজনৈতিক দল তার পরের নির্বাচনে শুধু জুলাই সনদকে একমাত্র এজেন্ডা বানিয়ে নির্বাচন জিতে যাবার সম্ভাবনা তৈরি করে ফেলতে পারে। ফলে, আমরা এই রেফারেন্স পয়েন্টটা তৈরি করতে চাই যে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সচেতন থাকতে হবে।
পাঁচ, জুলাই সনদ যদি গণভোটে হেরে যায়, তাহলে সংস্কারের সকল আলোচনা নতুন করে পরের পার্লামেন্টে হবে। সেই পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যরা যেভাবে চাইবে, সেইভাবেই হবে। জুলাই সনদ হেরে যাবার মানে হল, সংখ্যাগরিষ্ঠ মানুষ এইভাবে পরিবর্তন চায় না। তারা নিয়মিত সংসদীয় পদ্ধতিতে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় যতটুকু পরিবর্তন হবে, ততটুকুতেই খুশি। দিনের শেষে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেইটা চাইবে, সেইটাই গণতন্ত্র।
ছয়, জুলাই সনদ গণভোটে হেরে গেলে, পরের সরকার যারা গঠন করবে, তারা বলতে পারে কোনো সংস্কারই আমরা করব না। তবে এইটা বলার মানে হইল, এই কমিশনের সঙ্গে আলাপ-আলোচনায় তারা যেটুকু একমত হয়েছিল, সেটা ইচ্ছা করে একমত হয় নাই। বরং চাপের কারণে হইছে। তখন যেহেতু চাপও থাকবে না, সংস্কারও থাকবে না। এইটা অবশ্য পারফেক্ট সেন্স মেইক করে। কারন, রাজনৈতিক দলগুলোর মনের মধ্যে যতটুকু ক্ষমতা আছে, ততটুকু সংস্কার যে নাই, এইটা নিয়া আমাদের কোন সংশয়তো নাই। এই সংশয় নাই বইলাইতো জুলাই সনদ আর গণভোট চাই।
সাত, যদি গণভোট ছাড়া জুলাই সনদ চাইতাম আমরা, তাইলে সেইটা গণতন্ত্রের বাইরে একটা "সুশীল" টাইপের জিনিশ হইত। কিন্তু গণভোটের মধ্য দিয়া জুলাই সনদ চাওয়া - এর চাইতে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আর কি হইতে পারে?
:- Mirza Galib