08/07/2024
নতুন লেখক নতুন আশা
আমাদের দেশে জুকার মামা নামে পরিচিত মার্ক জুকারবার্গের সৃষ্টি নীল-সাদার জগৎ ফেসবুকের কল্যাণে প্রতিনিয়ত অনেক কিছুই আমাদের চোখে পড়ছে। লেখালেখির সুবাদে আমার ফেসবুক বন্ধু তালিকার বেশির ভাগই লেখক ও পাঠক। প্রতিদিনই চোখে পড়ছে বিভিন্ন লেখকের লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কারো গল্প, কারো কবিতা কিংবা কারো ছড়া। অনেকেই আবার লিখছেন ফেসবুকের নিজ ওয়ালে। অন্যদের লেখা পত্রিকায় প্রকাশিত হতে দেখে নিজের লেখাও পত্রিকার পাতায় প্রকাশিত হোক এমন আশা সবার মনেই জাগে, এটা স্বাভাবিক। কিন্তু দুই-চার লাইন লিখেই পত্রিকায় প্রকাশের আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। সবেমাত্র এক বছর হলো পত্রিকার পাতায় বিচরণ করছি। অনেক পত্রিকায় এক বছর ধরে লেখা দিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত তারা আমার লেখা প্রকাশ করে আমাকে ধন্য করেনি। তারপরও আমি আশা হারাইনি। ভেবে নিয়েছি, আমার লেখা হয়তো ভালো হচ্ছে না। আরো ভালো করার চেষ্টা করছি।
অনেকেই আছেন,পত্রিকার সাহিত্য বা শিশু পাতা সম্পর্কে কোনো ধারণাই নেই কিন্তু তারাও চান পত্রিকায় লেখা প্রকাশ করতে। সত্যি কথা হলো ‘ভালো লেখক হতে হলে ভালো পাঠক হতে হবে’। পত্রিকায় লেখা প্রকাশ করতে চান অথচ যাদের লেখা প্রকাশিত হচ্ছে তাদের লেখা পড়বেন না তা হয় না।
পত্রিকা পড়তে হবে, ভাবতে হবে এই লেখাটা কেন প্রকাশিত হলো। বুঝতে হবে, আপনার লেখার সাথে তাদের লেখার পার্থক্য কী। বেশি বেশি পত্রিকায় প্রকাশিত লেখা পড়বেন, তাহলেই বুঝতে পারবেন কী ধরনের লেখা ছাপানো হয়। এমন কেউ কেউ আছেন যারা ই-মেইল করতেই জানেন না, তারাও আশা করেন পত্রিকায় আমার লেখা ছাপানো হোক। না জানাটা দোষের কিছু নয় কিন্তু জানার চেষ্টা না করেই, না জেনেই পত্রিকায় লেখা প্রকাশের জন্য ব্যাকুল হবেন তা হয় না। পত্রিকায় লেখা প্রকাশের আশা করার আগে কী কী জানা দরকার?
লেখাটা যদি ছড়া হয়, মানসম্মত হতে হবে। অবশ্যই ছড়ার মাত্রা অন্তমিল ও ছন্দ ঠিক রাখতে হবে। পত্রিকায় লেখা পাঠানোর জন্য ই-মেইল করা শিখতে হবে। পত্রিকার কোন পাতায় কী ধরনের লেখা প্রকাশিত হয় সেটা জানতে হবে। কোন পাতা কী বার প্রকাশিত হয় সেটাও জানতে হবে। প্রতিটি পত্রিকার প্রতিটি বিভাগের আলাদা আলাদা ই-মেইল থাকে। সেটা সংগ্রহ করতে হবে। সে ক্ষেত্রে গুগলে সার্চ দিলে অনেক পত্রিকার সাহিত্য পাতার ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। তা ছাড়া যাদের লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে তাদের থেকেও চেয়ে নিতে পারেন। মনে রাখতে হবে সাহিত্য সাময়িকীর মেইলে শিশুতোষ লেখা দিয়ে আজীবন অপেক্ষা করলেও সেটা প্রকাশিত হবে না। আবার শিশু পাতায় বিভিন্ন ধরনের ভাব-গাম্ভীর্যপূর্ণ কবিতা দিলেও সেটা অপ্রকাশিত থেকে যাবে।
যেদিন লেখা প্রকাশিত হয় তার ন্যূনতম কত দিন আগে লেখা মেইল করতে হবে সে বিষয়ে ধারণা রাখতে হবে। কোন পত্রিকার কত বড়, কয় লাইনের লেখা প্রকাশ করে সেটাও জানা দরকার। পত্রিকা চেক করার জন্য পত্রিকার ই-পেপার লিংক অথবা ফেসবুক আইডি/পেজ লিংক জানতে হবে। মনে রাখা দরকার, কোন পত্রিকার কর্তৃপক্ষ লেখা প্রকাশিত হয়েছে এই খবর জানাবে না। পত্রিকায় লেখা পাঠালেই যে লেখা প্রকাশিত হবে এটা ভাবার কোনো কারণ নেই। ধৈর্যশীল হতে হবে, আশা ছেড়ে দেয়া যাবে না।
লেখা প্রকাশিত না হলে লেখার মান বাড়ানোর চেষ্টা করতে হবে। অনেকের-ই প্রশ্ন- পত্রিকায় লেখা প্রকাশ করতে কি টাকা লাগে? আবার কেউ কেউ কেউ প্রশ্ন করেন, পত্রিকায় লেখা প্রকাশ হলে লাভ কী? টাকা দেয় আপনাকে? এই দুটো প্রশ্নের উত্তর না। লেখা প্রকাশ করতে কোনো টাকা লাগে না। আর লেখা প্রকাশিত হলেও কোনো পারিশ্রমিক দেয়া হয় না। শিখতে হবে কেবল লেখক হওয়ার জন্য।
নিউজ সমাহার এ গল্প , কবিতা, লেখা প্রকাশ করতে চাইলে মেইল করুন আমাদের ই-মেইলে:
[email protected]
পোর্টাল সাইট ভিজিট করুন: https:newssamahar.com
#নিউজসমাহার #নিউজ_সমাহার