02/08/2025
আপনার দুয়া কবুল না হওয়া মানে কিন্তু সত্যিকার অর্থে দুয়া ব্যর্থ হওয়া নয়। মাঝে মাঝে দুয়া কবুল না হওয়াও একপ্রকার 'কবুল হওয়া'।
কীভাবে খোলাসা করি।
আপনি যখন কোনোকিছুর জন্য দুয়া করেন, তখন আপনি নিশ্চিতভাবেই আপনার জন্য ভালো কিছু চেয়েই দুয়া করেন। কিন্তু আপনি যেটাকে নিজের জন্য ভালো মনে করছেন, সেটা আদৌ আপনার জন্য ভালো কি-না সেই পূর্ণ জ্ঞানটা আপনার কাছে নেই। আপনি আজ যা লাভের জন্য চাচ্ছেন, তা যে আগামিকাল আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না— সে ব্যাপারে আপনি কখনোই নিশ্চিত নন। আপনি বর্তমানে বসে ভবিষ্যৎ দেখতে পারেন না। এটা পারেন কেবল তিনি যিনি সময়ের স্রষ্টা— আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা।
যেহেতু তিনি খুব ভালো করেই জানেন যে আপনার জন্য সত্যিকার অর্থে কোনটা ভালো আর কোনটা খারাপ, তাই তিনি যখন মাঝে মাঝে আপনার কোন দুয়াকে কবুল করেন না, তখন হয়তো এজন্যেই করেন না যে— তাতে আসলে আপনার জন্য কোন মঙ্গল নেই।
আপনি আপনার মঙ্গলের জন্যই কিন্তু সেটা চেয়েছেন। আর, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালাও আপনার মঙ্গলের কথা ভেবেই সেটাকে কবুল না করে ফিরিয়ে দেন। তার মানে— দিনশেষে আপনি নিজের জন্য মঙ্গল চেয়েছেন, আল্লাহও আপনার মঙ্গল চাইলেন৷
তাই, কখনো কখনো দুয়া কবুল না হওয়া মানে তা আসলে একপ্রকার কবুল হওয়ার-ই নামান্তর৷
- আরিফ আজাদ