YesNews24.com "ইয়েস্ নিউজ ২৪.কম"

YesNews24.com "ইয়েস্ নিউজ ২৪.কম" YesNews24.com, a new-generation multimedia news portal from Bangladesh. The most effective online news portal in Bangladesh.

Official News site: http://www.yesnews24.com/
twitter Site: https://twitter.com/yesnews24

20/09/2020
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণাকরোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা ক...
23/03/2020

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় শুধু পুলিশ, হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে।

সোমবার করোনা পরিস্থিতি বাংলাদেশ সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল এ ঘোষণা দেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সঙ্গে ২৬ মার্চের ছুটি ও ২৭-২৮ মার্চ শুক্র-শনিবার এবং ৩ ও ৪ এপ্রিল শুক্র-শনিবার যোগ হবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ বজায় রাখার জন্য সেনাবাহিনী সারাদেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে বলে জানানো হয়।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

23/03/2020

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মোকাবিলায় যে কোনো মুহূর্তে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সেদিন বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। তবে ধারণা করা হচ্ছে, আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণটি দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি দেশবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি কম করার পরামর্শ দিয়েছেন।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

মৃত্যু মোট ১৪ হাজার ৪৫৯ ইতালির অবস্থা ভয়াবহবিশ্বে আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজার ৯২মৃত্যু মোট ১৪ হাজার ৪৫৯ ইতালির অবস্থা ভয়াবহক...
23/03/2020

মৃত্যু মোট ১৪ হাজার ৪৫৯ ইতালির অবস্থা ভয়াবহ
বিশ্বে আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজার ৯২

মৃত্যু মোট ১৪ হাজার ৪৫৯ ইতালির অবস্থা ভয়াবহ
করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও মানুষ। গতকাল রাতে পাওয়া খবর অনুযায়ী, বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৪৫৯ জন। নতুন মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪৯ জনের। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৯২ জন। সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৯৫৮ জন। এদিকে ইতালি এখন ভয়াবহ অবস্থায় রয়েছে। সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এছাড়া মৃত্যু ও আক্রান্তের দিক থেকে ইরানকে ছাড়িয়ে গেছে ইউরোপের দেশ স্পেন। স্পেনে এ দিন মৃত্যু হয়েছে ৩৭৫ জনের এবং ইরানে মৃত্যু হয়েছে ১২৯ জনের।

এদিকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ব্যক্তিগত ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকতে হবে ম্যার্কেলকেও। গতকাল জার্মান সময় বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে ফিরে এই সংবাদ শোনার পর কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আঙ্গেলা ম্যার্কেল। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গতকাল মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪৯ জনের, আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১০২ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ৯৪, যুক্তরাজ্যে ৪৮, নেদারল্যান্ডসে ৪৩, ইন্দোনেশিয়ায় ১০, জার্মানিতে ৯, ফিলিপাইনে ৬, চীনে ৬ জন। এ ছাড়া অন্যান্য কয়েক দেশে আরও মৃত্যু হয়েছে।

ইতালির অবস্থা ভয়াবহ : ইতালিতে গতকাল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৫১ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৭৯৩। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৫ হাজার ৪৭৬ জন।
স্পেনে হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্ত : বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইতালির পরে সবচেয়ে উপদ্রুত হয়ে উঠছে ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ জনে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল মৃত্যুর পাশাপাশি বেড়েছে নতুন রোগীও। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭২ জন, যেখানে শনিবার ছিল ২৪ হাজার ৯২৬ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৫৭৫ জন সুস্থ হয়েছেন। এখনো হাসপাতালের আইসিইউতে আছেন ১ হাজার ৭৮৫ জন। বিশ্বব্যাপী মহামারী আকার নেওয়া এই রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ সময় আসতে বাকি।’ উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৪ মার্চ স্পেন সরকার সারা দেশে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করে। তা আরও ১৫ দিন বাড়ানোর ভাবনা চলছে। জার্মানি : নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে খুব ভালো অবস্থায় নেই জার্মানিও। ইউরোপের প্রভাবশালী এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫০ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জার্মানির রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৪ জন। আগের দিনের চেয়ে নতুন আক্রান্তের হার বেড়েছে ১২ শতাংশ। জার্মানিতে এই ভাইরাসে নতুন ৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। যুক্তরাজ্য : যুক্তরাজ্যেও করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাজ্যে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৮১ জনের। ফ্রান্স : ফ্রান্সে একদিনে মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার পর্যন্ত দেশটিতে মোট ৫৬২ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১২ জন বেশি।

খুলছে চীনের ৭০ হাজার প্রেক্ষাগৃহ : চীন দুই মাসের ব্যবধানে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। জীবনযাত্রাও এখন স্বাভাবিক। এ কারণে দেশটির থিয়েটারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, এ মাসের শেষে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ চালু হবে। আর এ সপ্তাহে চালু হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি। এ কারণে প্রেক্ষাগৃহগুলো নতুন করে সাজানো চলছে। এতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ছবির পোস্টার। সূত্র : চায়না, ফোর্বস ও হলিউড রিপোর্টার

হংকংয়ে দ্বিতীয় কুকুর আক্রান্ত : হংকংয়ে কভিড-১৯ এ আক্রান্ত এক নারীর পোষা কুকুরের দেহেও করোনাভাইরাস ধরা পড়েছে বলে চীন নিয়ন্ত্রিত অঞ্চলটির সরকার নিশ্চিত করেছে। কয়েক দফা পরীক্ষায় কুকুরটির দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগের (এএফসিডি) বিবৃতিতে জানানো হয়, পোক ফু লাম এলাকায় বসবাস করা ওই জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিকে একই এলাকার অন্য একটি মিশ্র জাতের কুকুরের সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে এএফসিডি এক সতর্কবার্তায় কুকুর, বিড়ালদের ধরার আগে ও পরে এগুলোর দেখভালকারীদের ভালোমতো হাত ধুয়ে নিতে পরামর্শ দিয়েছে। পোষ্যপ্রাণীদের খাবার ও অন্যান্য কিছু ধরার বেলায়ও একই সতর্কতা মেনে চলতে বলেছে তারা। পোষা কুকুর ও বিড়ালকে চুমু না খেতেও পরামর্শ দিয়েছে তারা।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

23/03/2020

বিপণিবিতান বন্ধ সারা দেশে
খোলা থাকবে সুপার শপ ওষুধ মুদি কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকান, কার্যকর ২৫-৩১ মার্চ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ওষুধ, নিত্যপণ্য, কাঁচাবাজার ও সুপারশপ ব্যতীত দেশের সব বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের বিষয়টিকে পুঁজি করে ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক জায়গায় জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এরকম ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, পাশাপাশি করোনাভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা যেন না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেলালউদ্দিন জানান, নিউ মার্কেটের মতো সুপারমার্কেটগুলো শুধু এই নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান বা আগোরা, মীনা বাজার, স্বপ্নের মতো সুপারশপগুলো খোলা থাকবে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় নিত্যপণ্য দোকানপাট ছাড়া সব শপিং মল, বিপণি বিতান ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক, এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, মাছ, মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ার, মোবাইল ও ফ্ল্যাক্সিলোড এবং নিত্যপণ্যের দোকান এ সময় খোলা থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

মিরপুরে আরও এক ব্যক্তি সিলেটে নারীর মৃত্যুআক্রান্ত বেড়ে ২৭, সাদুল্যাপুরে লকডাউন নিয়ে ইউএনও-ডিসির লড়াই, মিরপুরের একাংশ লক...
23/03/2020

মিরপুরে আরও এক ব্যক্তি সিলেটে নারীর মৃত্যু
আক্রান্ত বেড়ে ২৭, সাদুল্যাপুরে লকডাউন নিয়ে ইউএনও-ডিসির লড়াই, মিরপুরের একাংশ লকডাউন, ঢাকার দোহারে ৫১ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

মিরপুরে আরও এক ব্যক্তি সিলেটে নারীর মৃত্যু
রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগে কোয়ারেন্টাইন করা ভবন। গতকাল তোলা ছবি -রোহেত রাজীব
রাজধানীর মিরপুরে টোলারবাগে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির বাড়ির পাশে গতকাল করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মোজাম্মেল হক নামের ওই ব্যক্তি স্থানীয় মসজিদের সেক্রেটারি ছিলেন। মৃত এ দুজনই একই মসজিদে নামাজ আদায় করতেন।

জানা গেছে, এই ব্যক্তি গতকাল সন্ধ্যার দিকে মারা যান। এর আগে সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

স্বজনরা জানান, ওই ব্যক্তির দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার তাকে নিয়ে যাওয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। গতকাল বিকাল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্সচালক তাকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তারা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর আজ থেকে মিরপুর কলেজগেট থেকে টোলাবাগ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত নারীর (৬১) মৃত্যু হয়েছে। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিনজন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে ২৭ জনকে শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে মারা গেছেন দুজন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচজন। এ ছাড়া শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোরে কয়েদির শরীরে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় দেখা দিয়েছে উৎকণ্ঠা। রেলের অগ্রিম টিকিট পাঁচ দিন আগে ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে গাইবান্ধার সাদুল্যাপুরে লকডাউন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ইউএনওর লড়াই শুরু হয়। ঢাকায় লকডাউনে থাকা মিরপুর টোলারবাগে থমথমে অবস্থা বিরাজ করছে। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সিলেটে গতকাল ভোর রাতে ওই নারী মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সে ফল এখনো হাতে আসেনি। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিনজনের ফলাফল করোনা পজিটিভ এসেছে। গতকাল রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাদের বয়স ২০-৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আর একজন আগে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন। এ পর্যন্ত পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত তিনজনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। তবে তিনজনের মৃদু উপসর্গ আছে। প্রবাসফেরত ওই নারীর পরিবারের তিন সদস্যকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান। গত শুক্রবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গতকাল ভোরে তিনি মারা যান। আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী হযরত মানিক পীর (রহ.) এর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি জানান, যুক্তরাজ্য থেকে ওই নারী গত ৪ মার্চ দেশে ফিরেন। এরপর তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় অবস্থান করেন। সাদুল্যাপুরকে ‘লকডাউন’ নিয়ে লড়াই : এদিকে গাইবান্ধার সাদুল্যাপুরে লকডাউন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ইউএনওর লড়াই শুরু হয়। প্রথমে উপজেলাকে লকডাউনের (অবরুদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। তবে এ সিদ্ধান্তের অনুমোদন দেয়নি জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি। জেলা প্রশাসক বলছেন, লকডাউনের মতো কিছু হয়নি। এটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। গতকাল দুপুরে সাদুল্যাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেয় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। উপজেলা কমিটির সভাপতি ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠি গাইবান্ধার জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি সিভিল সার্জন ও সুপার সুপারকেও দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ১১ মার্চ সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাহপুর গ্রামের কাজল মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত দুজন যুক্তরাষ্ট্র প্রবাসী অংশ নেন। ওই অনুষ্ঠানে ৪০০ থেকে ৫০০ মানুষ ছিল। গত শনিবার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিয়ের ওই অনুষ্ঠানে যাওয়া অনেকেই ভোট দিয়েছেন। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটতে পারে। ফলে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে রবিবার সাদুল্যাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ প্রসঙ্গে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, গাইবান্ধায় যুক্তরাষ্ট্রফেরত দুজনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে সাদুল্যাপুর উপজেলাকে লকডাউনের মতো কিছু হয়নি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য ইউএনওকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হবে।

কয়েদির শরীরে করোনার লক্ষণ : নাটোর জেলা কারাগারের এক কয়েদির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাকি কয়েদি ও কারাগারে কর্মরত কর্মীদের নিয়ে বিপাকে পড়েছে কারা কর্তৃপক্ষ। কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি থাকা ওই কয়েদিকে চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাই তাকে জামিনে মুক্ত করে ‘হোম কোয়ারেন্টাইনে’ পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর থেকে তিন যাত্রী হাসপাতালে : শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল এ তথ্য জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

পটুয়াখালীতে দুটি বাড়ি ‘কোয়ারেন্টাইন’ ঘোষণা : পটুয়াখালীতে দুটি বাড়ি কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন বাড়ি দুটি কোয়ারেন্টাইন ঘোষণা করে এবং করোনা আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ওই বাড়ি দুটি থেকে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। গতকাল পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। ৫১ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা : ঢাকার দোহারে হোম কোয়ারেন্টাইনে থাকা ৫১ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে গত শনিবার বিকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত ওই সব বাড়িতে লাল পতাকা টাঙানো হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জনগণকে সতর্ক করার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা ৫১ জন প্রবাসী ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। উপজেলার একটি গ্রামে সিঙ্গাপুর থেকে চার দিন আগে এক ব্যক্তি ফিরেছেন। রেলের অগ্রিম টিকিট পাঁচ দিন আগে : করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে পাওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল রেলমন্ত্রী নুরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাস পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠক করেন। নাঙ্গলকোটে ২ প্রবাসীকে অর্থদন্ড : কুমিল্লার নাঙ্গলকোটে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ২ প্রবাসীকে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ সময় নিরাপদ জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ওই দুই প্রবাসীকে তালাবদ্ধ করা হয়।

গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল রায়কোটে গিয়ে এ আদেশ দেন।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

করোনায় দেশে দ্বিতীয় মৃত্যুনতুন ৪ সহ আক্রান্ত ২৪, কোয়ারেন্টাইনে ১৭৬৭৩, পুলিশ চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল, মির...
22/03/2020

করোনায় দেশে দ্বিতীয় মৃত্যু
নতুন ৪ সহ আক্রান্ত ২৪, কোয়ারেন্টাইনে ১৭৬৭৩, পুলিশ চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল, মিরপুরে ভবন লকডাউন, আমরা যুদ্ধাবস্থায় : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ৭৩ বছর বয়সী এই বৃদ্ধ গতকাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পরই তার মিরপুরের বাসভবন ও আশপাশ এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। অবশ্য নিউইয়র্কে দুজন ও ইতালিতে একজন প্রবাসী বাংলাদেশির করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর এসেছে। গতকাল বাংলাদেশে নতুন আরও চারজনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে বাংলাদেশে মোট ২৪ জন আক্রান্ত হলেন। তবে আক্রান্ত সন্দেহে গতকাল পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মোট ১৭ হাজার ৬৭৩ জনকে। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশে সব ধরনের জরুরি সেবা অর্থাৎ পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, চিকিৎসক, নার্স প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে। চারটি দেশ ছাড়া অন্য সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাষায়, ‘আমরা এখন যুদ্ধাবস্থায় আছি।’ জানা যায়, গতকাল মারা যাওয়া বৃদ্ধ বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসরে যান। তিনি গত মঙ্গলবার কল্যাণপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তাঁর হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ ধরা পড়েনি। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সেদিনই বিকালে তাঁকে মিরপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। শ্বাস-প্রশ্বাসে সমস্যার কারণে একজন বক্ষব্যাধি চিকিৎসক তাঁর পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে মিরপুরের হাসপাতাল থেকে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্ত ওই ব্যক্তি বিদেশফেরত নন কিংবা বিদেশফেরত কারও সংস্পর্শেও আসেননি বলে কিটের স্বল্পতার অজুহাতে আইইডিসিআর তাঁর করোনা পরীক্ষা করেনি। পরে সরকারের উচ্চপদস্থ লোকজনের তদবিরের পর পরীক্ষা করা হয়। শুক্রবার রাতে মিরপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয় রোগী করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন। সম্প্রতি ওই বৃদ্ধের মেয়েজামাই প্রবাস থেকে এসেছেন বলেও জানা যায়।

মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ জানান, আইইডিসিআরের নির্দেশনা মেনে মৃত ব্যক্তিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। আইইডিসিআরের নির্দেশে মিরপুরের টোলারবাগের বাসাটিকে কোয়ারেন্টাইন করা হয়। পরিবারের সদস্যরা হাসপাতাল-সংলগ্ন ওই ভবনে থাকেন। তাই সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য ওই ভবনের বাসিন্দাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তারা কেউ যেন বের না হন তার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ব্যক্তির মৃত্যুর পরই বন্ধ রাখা হয়েছে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আইসিইউর চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের। পরে দুপুরে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি বলেন, ভাইরাস আক্রান্ত মোট ২৪ জনের মধ্যে তিনজন সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন। বাকি ১৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুরে আরও ৪০ ভবন লকডাউন : রাজধানীর মিরপুর-১ এর উত্তর টোলারবাগের আরও ৪০টি ভবন পুলিশের সহায়তায় লকডাউন করেছে স্থানীয়রা। এর আগে দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করেছিল স্থানীয়রা। ওই ভবনে একজন করোনা রোগী মারা যাওয়ায় সে ভবনটি লকডাউন করা হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানা শঙ্কা দেখা দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই ভবনটির আশপাশের ৪০টি ভবন লকডাউন করা হয়েছে।
চীন থেকে ২০ হাজার কিট-পিপিই আনছে সরকার : করোনাভাইরাস শনাক্তে চীন থেকে প্রথম দফায় সরকারিভাবে ১০ হাজার টেস্টিং কিট ও ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন উঠেছেÑ কিটস, সুরক্ষা ইকুইপমেন্ট নেই। আমরা ইতিমধ্যে আনার ব্যবস্থা করেছি। চীন রেডি রেখেছে। আমরা তাদের অনেক ইকুইপমেন্ট দিতে বলে রেখেছিলাম। ইতিমধ্যে ১০ হাজার টেস্টিং কিটস ও ১০ হাজার প্রটেকটিভ ইকুইপমেন্ট রেডি আছে। যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে।’ সরকারের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানও চীন থেকে এগুলো আনার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রয়োজনে আমরা চার্টার্ড ফ্লাইটে সেগুলো নিয়ে আসব।’ এ পরিস্থিতিতে জরুরি সেবা খাতের ব্যক্তিদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এসেনশিয়াল সার্ভিস মানে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, চিকিৎসক, নার্সÑ প্রত্যেকেরই ছুটি এ মুহূর্তে বাতিল করেছে সরকার।

দিয়াবাড়ীতে নয়, কোয়ারেন্টাইন হবে দুই হাসপাতালে : রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টাইন করা হবে। এ দুটি হাসপাতালে যে কোনো সময় উচ্চতর চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ, বিএসএমএমইউতে নিয়মিত রোগী ভর্তি বন্ধ : গতকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করেছে সরকার। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়মিত রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে জরুরি ভর্তি চালু থাকবে। গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কর্তৃপক্ষ হাসপাতালে কর্মরত শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে।

বিমান চলাচল বন্ধ : করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ। অন্য দেশগুলো হচ্ছেÑ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর। ১০টি দেশের সঙ্গে শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, এ দেশগুলো থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না। এ-সংক্রান্ত নোটিস টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২১-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। নতুন করে ১০টি দেশের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি কয়েকটি দেশের ফ্লাইট চালু রাখার যুক্তি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জরুরি যোগাযোগের জন্য ইউকে, থাইল্যান্ড, হংকং ও চীনের ফ্লাইট চালু রাখা হয়েছে। যাতে কারও জরুরি বা বিশেষ প্রয়োজন হলে সেই রুটগুলো নিতে পারে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসা নতুন বন্দীরা কোয়ারেন্টাইনে : কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসা নতুন বন্দীদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ১১ মার্চ থেকে গতকাল পর্যন্ত প্রায় ২৫০ জন বন্দীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বন্দীদের মধ্যে কারা কর্তৃপক্ষ বিনামূল্যে মাস্ক বিতরণ করছে। আদালত থেকে কোনো আসামি এলে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ানো হচ্ছে এবং থারমাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কারাগারের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, নতুন বন্দীদের মধ্যে যাদের সর্দি, কাশি রয়েছে তাদের সম্পূর্ণভাবে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারাগারে কোনো বন্দী আইসোলেশনে নেই। তবে গত বৃহস্পতিবার এক বন্দী গাজীপুর কারাগার থেকে এসেছিলেন। তার অবস্থা সন্দেহজনক হওয়ায় কুর্মিটোলার আইসোলেশন কেন্দ্রে পাঠানো হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফনে বিশেষ নির্দেশনা : শুধু করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি নন, আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীর থেকেও এ ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই এ রোগে মৃত ব্যক্তিকে পরিষ্কার করা বা ধোয়া বা গোসল করানো যাবে না। নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া ছোঁয়াও যাবে না। করোনা রোগে মৃত ব্যক্তির দাফন বা সৎকারসংক্রান্ত সরকারি নির্দেশনায় এমন সতর্কতার কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী নির্দেশনাটি তৈরি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন কেউ মারা গেলে মৃতদেহ সরানো, সৎকার বা দাফন শুরুর আগে অবশ্যই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানাতে হবে। তখন চার সদস্যের একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরে মৃতদেহ সৎকার বা দাফনের জন্য প্রস্তুত করবে। মৃত্যুর স্থানেই মৃতদেহ প্লাস্টিকের কাভার দিয়ে মুড়িয়ে রাখতে হবে। দলের নেতা মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের নির্দিষ্ট কোনো অনুরোধ থাকলে তা জেনে নেবেন। কোথায় কবর দেওয়া হবে, তাও ঠিক করে রাখতে হবে।

কাতারে কোয়ারেন্টাইনে দেড় হাজার বাংলাদেশি : গতকাল কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সে দেশে দেড় হাজার বাংলাদেশি কোয়ারেন্টাইনে রয়েছেন। কাতারে গতকাল নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭০-এ। এ পর্যন্ত কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজারের বেশি মানুষের। আরও জানানো হয়েছে, করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার ও সংক্রমণ ঠেকাতে কাতারজুড়ে প্রতিনিয়ত নানারকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ১৮ মার্চ থেকে কাতারে কেবল কাতারের নাগরিক ছাড়া সবার প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে পণ্যবাহী ও ট্রানজিটের ফ্লাইট আগমন অব্যাহত রয়েছে।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

22/03/2020

করোনা ঠেকাতে ২০ ভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনাভাইরাস ঠেকাতে সব মিলিয়ে কমপক্ষে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এসব প্রকল্পের বিজ্ঞানীদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিবিড় যোগাযোগ রাখছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যেই আবিষ্কৃত হবে কভিড-১৯ প্রতিরোধের ভ্যাকসিন। সংবাদমাধ্যম সিএনবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসের ২০টি ভিন্ন ভিন্ন ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়ে গেছে। এটিও এক ধরনের রেকর্ড। এত কম সময়ে আগে কখনো কোনো রোগের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা যায়নি। কভিড-১৯-এর জিন সিকোয়েন্স তৈরির মাত্র ৬০ দিনের মাথায় এসব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ-ও বলে দিয়েছে, জনসাধারণের ব্যবহারের উপযোগী ওষুধ বানাতে আরও অনেক পথ পার হতে হবে। পরীক্ষামূলক প্রয়োগ ও সংশ্লিষ্ট অন্যান্য গবেষণা শেষে একটি নিরাপদ ওষুধ তৈরি করতে ১৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

রাশিয়ার ৬ ওষুধ আবিষ্কার : জাপান, চীন, কিউবার পর করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেন রুশ বিজ্ঞানীরা। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গতকাল জানিয়েছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার প্রতিষেধক হিসেবে ছয়টি ওষুধ আবিষ্কার করেছেন তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, ‘দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছেন। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে। নিকট ভবিষ্যতেই এ ভ্যাকসিন করোনাভাইরাস নিরাময়ে কাজ করবে।

চীনে টিকার পরীক্ষামূলক প্রয়োগ : চীন করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে দেওয়া শুরু করেছে। গত শুক্রবার চীনা স্বেচ্ছাসেবীদেরকে কভিড-১৯-এর টিকা দেওয়া হয়েছে। চীনের সামরিক বিজ্ঞানীরা এ টিকা তৈরি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম গতকাল জানিয়েছে। খবরে বলা হয়, চীনা স্বেচ্ছাসেবীদের প্রথম দলের সবাই উহানের অধিবাসী এবং তাদের বয়স ১৮ থেকে ৬০। প্রথম দলকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগে ৩৬ জন করে সদস্য রয়েছেন। টিকা দেওয়ার পর ১৪ দিন তাদের সঙ্গরুদ্ধ বা কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর টিকার জন্য তাদের শরীরে কোনো খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নির্ণয়ের জন্য গবেষকরা ছয় মাস তাদের ওপর নজর রাখবেন। উল্লেখ্য, চীনা গণমুক্তি ফৌজ সামরিক চিকিৎসা একাডেমির একটি গবেষণা দল এ টিকা বের করেছেন। গবেষণা দলের নেতৃত্ব দেন জৈব হুমকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ চেন উই। ইবোলার টিকা তৈরির সফলতারভিত্তিতে কভিড-১৯-এর টিকা তৈরির কাজ করা হয়। এ জন্য স্থানীয় কয়েকটি কোম্পানির সহায়তা নেওয়া হয়েছে।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

18/03/2020

করোনা আক্রান্ত ১০ জন
দুই বিদেশিকে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত, বিদেশ থেকে আসা ও হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ

দেশে নতুন করে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০ হলো। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে গেছেন। এ ছাড়া আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। এদিকে করোনা সংক্রমণ এড়াতে দুই বিদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। বিদেশফেরত, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে যাওয়া ও জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন দুজনের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বিদেশ থেকে এসেছিলেন এমন একজনের সংস্পর্শে ছিলেন। আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি, পারিবারিকভাবেও কিন্তু খুব শক্তভাবে আমাদের এই কোয়ারেন্টাইন বা সেলফ কোয়ারেন্টাইন পালন করতে হবে। পরিবারের সদস্যের মধ্যে কিন্তু আমরা সংক্রমণ দেখতে পাচ্ছি।’ মীরজাদি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৪ হাজার ২০৫টি ফোন পেয়েছি। এর মধ্যে কভিড-সংক্রান্ত ফোন ৪ হাজার ১৬৪টি। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ মুহূর্তে আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। এ ছাড়া সর্বমোট কভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত করেছি ১০ জনের মধ্যে।’

অন্যদিকে রবিবার পর্যন্ত সারা দেশে ২ হাজার ৩১৪ জন বিদেশফেরত মানুষের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়েছিল আইইডিসিআর। তবে এ বিষয়টি বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে জানিয়ে মোট কোয়ারেন্টাইনের হালনাগাদ কোনো তথ্য জানানো হয়নি সংবাদ সম্মেলনে। তবে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুসারে, হোম কোয়ারেন্টাইনে কুমিল্লায় ১৭৪ জন, রংপুরে ৬৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, মাদারীপুরে ১২৯, সাতক্ষীরায় ৭, বরিশালে ২৬, ভোলায় ৬, পিরোজপুরে ১৯, পটুয়াখালীতে ২১, বরগুনায় ৮, ঝালকাঠিতে ১০, মৌলভীবাজারে ১১৩, কিশোরগঞ্জে ১৩৮, সিরাজগঞ্জে ১২ এবং চট্টগ্রামে আছেন ৩১ জন।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘পোশাকশিল্প মালিকরা আমাদের কাছে পরামর্শ চেয়েছেন। তাদের জন্য বলব, অনেক সময় বিদেশি বায়াররা আসেন। কোনো বায়ার যদি দাফতরিক কাজে এসে থাকেন, তারা যেন কারখানা পরিদর্শন না করেন।’ তিনি বলেন, ‘পোশাক কারখানায় শ্রমিকদের যেন চেক করে করে ঢোকানো হয়। তখন রোগের লক্ষণগুলো পরীক্ষা করে নিন, জেনে নিন তাদের মধ্যে জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট ইত্যাদি রয়েছে কি-না। সে ক্ষেত্রে তাদের আমরা বাড়িতে পাঠিয়ে দিতে পারি। যত দিন সুস্থ না হবেন, তত দিন তারা বাড়িতে থাকবেন। শিল্পমালিকদের আমরা অনুরোধ করব, সবেতনে যেন তাদের ছুটির ব্যবস্থা করা হয়। তা না হলে তারা তথ্য গোপন করতে পারেন। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’ সেব্রিনা ফ্লোরা বলেন, ‘কোনো অফিস কিংবা বাড়িতে যদি কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন থাকে, সেটি পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান যা-ই হোক, এ মুহূর্তে বন্ধ রাখতে হবে। কারণ সেখানে এমন কেউ আসতে পারেন, যার মধ্যে সংক্রমণের আশঙ্কা রয়েছে। অর্থাৎ যিনি বিদেশ থেকে এসেছেন বা এ রকম কারও আত্মীয়স্বজন যদি হয়, সে ক্ষেত্রে যেন আমরা অনুষ্ঠানগুলো না করি। বাংলাদেশে এখন পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন নেই। অর্থাৎ সামাজিকভাবে এখনো ছড়িয়ে পড়েনি। সে জন্য হাঁচি, কাশি, সর্দি, গলাব্যথা এসব হলেই করোনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।’

আরও চার ইতালিফেরত গাজীপুর থেকে ঢাকায় : শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় অধিকতর পর্যবেক্ষণের জন্য আরও চার ইতালি প্রবাসীকে গাজীপুরের কোয়ারেন্টাইন থেকে ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ওই চারজনকে ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার ওই হাসপাতাল থেকে জ্বর অনুভূত হওয়া চারজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। ১৪ মার্চ রাতে ইতালিফেরত ৪৮ জন প্রবাসীকে এই কেন্দ্রে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আটজনকে ঢাকায় পাঠানোয় সেখানে এখন ৪০ জন প্রবাসী পর্যবেক্ষণে রইলেন।

আনসার সদস্যের মৃত্যুর পর কম্পিউটার কাউন্সিলে উদ্বেগ : বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সর্দি, কাশি আর জ্বরের উপসর্গ নিয়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হওয়ার পর করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি)। কাউন্সিলে দায়িত্ব পালনরত ওই আনসার সদস্য সম্প্রতি এসব উপসর্গের কারণে ছুটি নিয়ে রংপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে থাকাবস্থাতেই তার মৃত্যু হয়। এ তথ্য উল্লেখ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক চিঠিতে বলা হয়েছে, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে ছুটি নিয়ে রংপুরের বাড়িতে যাওয়ার পর ১১ মার্চ ওই আনসার সদস্য মারা যান। তার মৃত্যুর পরদিনই, অর্থাৎ ১২ মার্চ আরেক আনসার সদস্য একই উপসর্গের কারণে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। এ ঘটনার পরই উদ্বিগ্ন কাউন্সিল চিঠিটি লেখে। চিঠিটি ঢাকার জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ও রংপুরের সিভিল সার্জন এবং আইইডিসিআরের পরিচালককে পাঠানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিবিসিকে বলছেন, আনসার সদস্যের মৃত্যু এবং তার উপসর্গের কথা জানতে পেরে তিনি নিজেই এ চিঠি পাঠানোর নির্দেশ দেন। চিঠির সূত্র ধরে কম্পিউটার কাউন্সিলের বাকি আনসার সদস্যদেরও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য ওই আনসার সদস্যের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে- তার পারিবারিক সূত্রে এমনটাই জানতে পেরেছেন বলেও উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দুই বিদেশিকে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত : নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পদক্ষেপে দুই বিদেশিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠানো হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ গতকাল সকালে যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের এই দুই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, ‘রাত ১২টা-১টার দিকে ভিসা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের দুই নাগরিক বিমানবন্দরে নামেন। নিষেধাজ্ঞা থাকার কারণে ফিরতি বিমানেই আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছি।’

বিদেশফেরত, হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে না আসার পরামর্শ : করোনাভাইরাস ঠেকাতে বিদেশফেরত, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে যাওয়া ও জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল নতুন করে আরও দুজনসহ দেশে মোট ১০ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার মধ্যে এ নির্দেশনা দিয়েছে সরকারের সংস্থাটি।

রংপুরে বিভাগীয় কমিশনার কোয়ারেন্টাইনে : করোনাভাইরাস প্রতিরোধে রংপুরে ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে রংপুরের বিভাগীয় কমিশনারও রয়েছেন। গতকাল সকাল পর্যন্ত যারা হোম কোয়ারেন্টাইনে অবস্থান নিয়েছেন তারা সবাই বিদেশফেরত। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলামকে রংপুর সার্কিট হাউসে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সম্প্রতি বিদেশ থেকে এসেছেন।

মানিকগঞ্জে কোয়ারেন্টাইন না মানায় ১৫ হাজার টাকা অর্থদন্ড : কোয়ারেন্টাইন না মেনে লোকালয়ে যাওয়ার কারণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুশুন্ডা গ্রামের পান্নু মিয়াকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে পান্নু মিয়া ১৬ মার্চ রাতে গ্রামের বাড়িতে ফেরেন। অস্ট্রেলিয়াফেরত পান্নু মিয়া জানান, ১৬ মার্চ রাতে তিনি দেশে আসেন। গতকাল সকালে তিনি বাজারে চুল কাটাতে যান। পরে দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার তাকে অর্থদন্ড দেন। এ ছাড়া বাড়ির মূল ফটকে তালা দেওয়া হয়েছে। এ বিষয়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। এ ছাড়া কোয়ারেন্টাইন না মানার কারণে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম গত দুই দিনে দুই প্রবাসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

চট্টগ্রাম বাণিজ্য মেলা স্থগিত : চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত করা হয়েছে। নগরের পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মেলাটি গতকাল থেকে স্থগিত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এবারের চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ করা হয়েছে। ৫ মার্চ বিকালে ২৮তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার উদ্বোধন করেছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কুমিল্লার শালবন বিহার ও বাণিজ্য মেলা বন্ধ : করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লায় জনসমাগম বেশি হওয়া শালবন বিহার, বিনোদন কেন্দ্র ও বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল এগুলো বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কুমিল্লা কোটবাড়ীর শালবন বিহার, কোটবাড়ী জাদুঘর, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, নগর উদ্যান ও শিশুপার্কসহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র। এ ছাড়া কুমিল্লা আউটার স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছে চলমান বাণিজ্য মেলা। কেন্দ্রীয় ঈদগাহে তরুণদের খেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থান বন্ধ থাকবে।

সৌদিতে আটকে পড়া ৪০৯ জন ফিরলেন : সৌদি আরবে আটকে পড়া ২৯৯ ওমরাহ যাত্রীসহ ৪০৯ জনকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। গতকাল বিকালের দিকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, সৌদিফেরত ৪০৯ জনকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

[সূত্র: বাংলাদেশ প্রতিদিন]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when YesNews24.com "ইয়েস্ নিউজ ২৪.কম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share