07/08/2026
প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম।
অদ্য ৭ আগস্ট ২০২৬ তারিখে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হয়েছে। ফলে, ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের সময় এসেছে।
ফোরামকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং নির্বাচন-পূর্ব ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণ একটি আবশ্যিক প্রক্রিয়া।
ইতোমধ্যে অনেক সদস্যের সদস্যপদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে যার হালনাগাদ তথ্য ফোরামের ওয়েবসাইটে (https://govtictofficers.org) দেখা যাচ্ছে। একই সঙ্গে অনেক নতুন আইসিটি কর্মকর্তা সদস্যপদ গ্রহণ ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন পূর্বে হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ করার বিধান রয়েছে।
এমতাবস্থায়, সকল সম্মানিত সদস্যগণকে আগামী ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তারিখের মধ্যে সদস্যপদ হালনাগাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সদস্যপদ হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনের নিকট নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে।
সদস্যপদ হালনাগাদের জন্য ফোরামের ওয়েবসাইট https://govtictofficers.org -এ প্রবেশ করে অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।
আপনাদের সক্রিয় অংশগ্রহণই একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ ফোরাম গঠনের প্রধান ভিত্তি।
ধন্যবাদন্তে,
মোহাম্মদ আহসান হাবীব সুমন,
সিনিয়র সিস্টেম এনালিস্ট, এনবিআর ও
মহাসচিব
গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম।