22/12/2025
ছোট বেলায় আম্মু বলতেন:
'কেউ যদি তোমায় বকাও দেয়, বকা খেয়ে বকাটি পকেট ভরে ফেলো, তবুও কাউকে 'পাল্টা বকা'টি দিতে যেও না'!
সীরাতের একটি ঘটনা আমাকে জীবনে প্রচুর কাঁদিয়েছে। নবিজী ﷺ যখন সলাতে যেতেন, কেউ কেউ সিজদারত অবস্থায় পিঠের ওপর উটের নাড়িভুঁড়ি ছুঁড়ে মারতো। কেউ আবার দরজার সামনে ময়লা-আবর্জনা ফেলে রাখত। নবিজী ﷺ ব্যক্তিগত কারণে রাগ হতেন না। কাঠের টুকরো দিয়ে ময়লা আবর্জনা সরাতে সরাতে বড়জোর এটুকুই বলতেন,
ওহে বানু আবদি মানাফ, এ কেমন প্রতিবেশীর কাজ!? [ ইবনু হিশাম, আস সীরাহ, ১/৪২৬ ]
আরো একটি ঘটনা কোনো ভাবেই সহ্য করতে পারি না। গলা আটকে আসে। খাদিজাহ রদ্বিআল্লহু আনহা এবং আবু ত্বলিব-এর ইন্তেকালের পর সাহস পেয়ে যাওয়া এক কুরাইশি লোক একবার নবিজী ﷺ-এর মুবারাক মাথায় (ময়লা) মাটি ছুড়ে মারে। তাঁর কোনও এক কন্যা এসে ডুকরে কাঁদতে কাঁদতে বাবার মাথা পরিষ্কার করে দিতে থাকেন। সান্ত্বনা দিয়ে নবিজী ﷺ বলেন,
"কেঁদো না, আম্মু! আল্লহ-ই তোমার বাবাকে রক্ষা করবেন।"
আমার খুব কান্না পেত। ওরা কীভাবে আমার প্রিয় নবিজীর ﷺ মাথায় ময়লা মাটি ছুঁড়ে মারতে পারলো? নবিজী ﷺ নূন্যতম রাগ হলেন না। তিনি কী দূর্বল ছিলেন? না তো? কক্ষনো নাহ! উনি তো সেই নাবী (ﷺ) যার কাছে মেঘের ওপর করে ভেসে আসেন ফেরেশতা জিবরিল, সাথে নিয়ে আসেন পাহাড়ের ওইই ফেরেশতাকে যিনি বলেছিলেন:
মুহাম্মাদ, আমি আপনার নির্দেশমতো কাজ করতে এসেছি। যদি বলেন, তাহলে তাইয়িফের লোকদের আমি দুই পাহাড়ের মাঝে পিষিয়ে মেরে ফেলব। এখন সিদ্ধান্ত আপনার।" [ রাসূলে আরাবি ﷺ ]
اللهم صل على محمد وعلى ال محمد
আমার নবিজীর ﷺ প্রতিক্রিয়া কী ছিল? নাহ! কোনোও প্রতিশোধের আগুন নেই তাঁর মধ্যে। তিনি তো ছিলেন পুষ্প কোমল। নিষ্পাপ কোমল ফুলটির চেয়েও কোমল ! অনেক বেশি কোমল। তিনি তাঁদের ক্ষমা করে দিলেন। আজ দেখুন? তাইয়িফে এমন এমন প্রজন্ম বের হয়ে এসেছে যারা [লা-শারীক] এক ও অদ্বিতীয় আল্লহ'র ইবাদাত করে!
গতকাল থেকে ওসমান শরীফ হাদি ভাই (রহিমাহুল্লহ)-এর এই ভিডিও'র কথাগুলো শুনে আমি থ বনে গেলাম। অজান্তেই চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়লো। তাঁকে ময়লা পানিও মারা হয়েছে? ময়লা পানি মারার বিপরীতে তিনি এমন-ই প্রতিক্রিয়া দিলেন? ময়লা পানি মেরে কেউ খুশি হলে ময়লা পানিই যেন মারে? আল্লহু আকবার। আরো এক ভাই কমেন্টে ময়লা পানি মারবে বলেছিলেন। তিনি সেই ভাইটিকেও ময়লা পানি মারার প্রস্তাবের বিপরীতে চা খাওয়ার দাওয়াত দিয়ে দিলেন! যেন প্রিয় নবিজীর ﷺ সেই পুষ্প কোমল আখলাকের ছিটেফোঁটা হলেও তাঁর মধ্যে প্রতিফলিত হতে দেখতে পেলাম।
তিনি রহিমাহুল্লহ'র ভিডিও'র কথাগুলো শুনছিলাম আর বারবার হারিয়ে যাচ্ছিলাম প্রিয় নবিজী ﷺ-কে ময়লা কাঁদা মাটি, উটের ময়লা নাড়িভুঁড়ি ছুঁড়ে মারার সেই দৃশ্য গুলোই। নবিজীকে ﷺ এবং নবিজীর ﷺ এই ইয়াতিম উম্মাতটিকে কতো মানুষ কতো ভাবেই না ব্যথায় জর্জরিত করলো! তবে, হ্যাঁ, এসবের ভীড়ে নিজেকেই নিজে একটি প্রশ্ন করতে ছাড়িনি তখন:
'তাঁদের উভয়ের ব্যাপারে তোমার কী ধারণা পোড়াকপালী? যাদের 'তৃতীয়জন' হলেন-স্বয়ং আসমান ও জমিনের মালিক পরাক্রমশালী আল্লহ আজ্জা ওয়াজাল? যার ফয়সালায় নির্ধারিত হয় জান্নাতের কষ্টহীন, অনন্ত সুখের দিনগুলো?'
ওসমান শরীফ হাদি ভাইয়া !
[ ইনশাআল্লহ বিইযনিল্লাহ ] সেই জান্নাতে আপনাকে দুর্গন্ধ যুক্ত ময়লা পানি মারার মতো কেউই থাকবে না, যে জান্নাতের মাটিও খাঁটি মেশকের মতো সুগন্ধিময়। লোকেদের কটু কথা শোনার ক্লান্তি বা কষ্ট কোনোটাই স্পর্শ করবে না আপনাকে, ভাইয়া। দু'আ করি, নবিজীর ﷺ প্রতিবেশী হয়ে জান্নাতের শাহী মহলগুলোতে স্থান পেয়ে আপনি যেন সেই কথায় বলতে পারেন যা 'আপনার আল্লহ' কুরআনেই ঘোষণা করে দিয়েছেন -
الحَمدُ لِلَّهِ الَّذي أَذهَبَ عَنَّا الحَزَنَ إِنَّ رَبَّنا لَغَفورٌ شَكورٌ.
الَّذي أَحَلَّنا دارَ المُقامَةِ مِن فَضلِهِ لا يَمَسُّنا فيها نَصَبٌ وَلا يَمَسُّنا فيها لُغوبٌ
[ সূরা ফাতির/৩৪-৩৫ ]
~মোহব্বতে মুস্তফা