06/06/2016
সৌরচালিত কম্পিউটার: একের ভেতর তিন
আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশ্বের আধুনিক সেবাগুলো পৌছে দিতে এবার তৈরি করা হলো সৌর বিদ্যুতের সাহায্যে চালিত কম্পিউটার। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় সৌর বিদ্যুৎচালিত কম্পিউটার। ইতালি ও স্পেনিসের যৌথ উদ্যোগে ওয়াটলি মেশিনের সাহায্যে এই কম্পিউটারটি তৈরি করা হয়েছে। তবে এই কম্পিউটারটি আর দশটি সাধারণ কম্পিউটারের মতো মনে করা হলে ভুল হবে। ওয়াটলির এই যন্ত্রটি ইন্টারনেট সেবার পাশাপাশি দিবে বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানি। আর এতে করে একসঙ্গে তিনটি সেবা একটি মেশিন দ্বারা নিয়ন্ত্রন করা যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকার ৬২৫ মিলিয়ন পল্লী এলাকায় এখনও কোন বিদ্যুতের ব্যবস্থা নেই। এমনকি দুই-তৃতীয়াংশ জনসংখ্যার পানির চাহিদা মেটানোর জন্য রয়েছে ৩৯ শতাংশ লেক ব্যবস্থা, যেখান থেকে এই বিপুল জনগোষ্ঠির জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। ওয়াটলির প্রতিষ্ঠাতা মারকো আটিসানি বলেছেন, ‘এটি মানুষের জন্য একটি অবকাঠামোগত সমাধান যা ছাড়া সভ্যতার মৌলিক স্তম্ভে প্রবেশ করা যায় না। এই মানুষগুলো এতদিন ধরে একবিংশ শতাব্দীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, আমারা তাদের সেখানে পৌছানোর চেষ্টা করছি মাত্র।’
সৌর বিদ্যুতের সাহায্যে ফটোভোলটেক প্যানেলের মাধ্যমে যন্ত্রটি কাজ করবে যা সৌর শক্তিকে ১৪০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তিতে পরিণত করবে। একই সঙ্গে যন্ত্রটিতে থাকবে পানি ফিল্টারিং এর ব্যবস্থা যা পানিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটিয়ে খাবারের উপযোগী করবে। আর এই ব্যবস্থাপনায় প্রতিদিন ৫ হাজার লিটার পানি বিশুদ্ধ করা যাবে। আর এর ব্যাটারির সাহায্যে তার ছাড়াই ইন্টারনেট সুবিধা পাবে এর ব্যবহারকারীরা।
এছাড়াও বাড়তি সুবিধা হিসেবে থাকছে বিভিন্ন রকম বৈদ্যুতিক ডিভাইজ এবং মোবাইল ফোন চার্জ দেয়ার ব্যবস্থা। ইতোমধ্যে ওয়াটলি তাদের এই যন্ত্রটি বিভিন্ন দেশে পরীক্ষা করেছে যার মধ্যে রয়েছে ঘানা, নাইজেরিয়া ও সুদান। এ বছরের জুলাইতেই ওয়াটলি আরো কিছু নতুন যন্ত্র নিয়ে হাজির হবে বলে জানিয়েছেন মারকো আটিসানি। তবে তিনি এও বলেন, তাদের পণ্য শুধুমাত্র গ্রামীণ মানুষের কথা মাথায় রেখে বানানো হয় যারা একবিংশ শতাব্দীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।