11/03/2026
'Amul'-এর নামে জয়পুরে চলছিল এক বিরাট প্রতারণা। লক্ষ লক্ষ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার, সেগুলোতে তারিখ ঘষে তুলে দিয়ে নতুন করে বাজারজাত করার ফন্দি।রাজস্থানের জয়পুরের নাগোরিয়ান এলাকায় 'Messrs Athlete Distributor' নামে একটি গুদামে হানা দিল খাদ্য সুরক্ষা দফতর। এই হানা দেওয়ার পিছনে ছিল 181 হেল্পলাইনে একজন সাধারণ নাগরিকের ফোন। ওই ব্যক্তি জানিয়েছিলেন, ওই গুদামে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রস্তুতি চলছে। গুদামে ঢুকে আধিকারিকরা যা দেখলেন, তাতে তাদের চক্ষু চড়কগাছ। স্তূপাকার করে রাখা হাজার হাজার কার্টুন। তার মধ্যে ছিল Amul ব্র্যান্ডের নুডলস, কেচাপ, মেয়োনিজ, এনার্জি ড্রিংকস— সবই নন-ডেইরি আইটেম। কিন্তু সমস্যা কোথায়? প্রায় ১২ হাজার কার্টুনের পণ্যের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আরও ৩ হাজার কার্টুনের প্যাকেট থেকে মেয়াদ শেষ হওয়ার তারিখ মুছে ফেলা হয়েছিল।
এত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য (প্রায় দেড় লাখ কেজি) জব্দ করার পর প্রশাসন তা ধ্বংস করতে ২৭টি ট্রাক লাগিয়ে দেয়। চার দিন ধরে এই পণ্য গোবরাটের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়। খরচ দিতে হয়েছে ওই ব্যবসায়ীকেই।