18/09/2026
নৌবাহিনীর সদস্যের সাইকেল চুরি করে হাতেনাতে আটক যুবক: পরিচয় মেলেনি পরিবারের
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট এলাকার নিউমুড়িং মোড়ে থানা ভবনের ঠিক সামনের সড়ক থেকে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের ব্যবহৃত একটি বাইসাইকেল চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও কর্তব্যরত পুলিশ। তবে আটকের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও উক্ত যুবকের কোনো পারিাবরিক পরিচয় বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিউমুড়িং এলাকার ইপিজেড থানার সামনের সড়কে সাইকেলটি রেখে সংক্ষিপ্ত কাজের জন্য পাশে যান নৌবাহিনীর এক সদস্য। এই সুযোগে অভিযুক্ত যুবকটি কৌশলে সাইকেলের তালা ভেঙে তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি আশেপাশের লোকজনের নজরে এলে তারা ধাওয়া করে ওই যুবককে সাইকেলসহ ধরে ফেলেন এবং সাথে সাথেই থানার ডিউটি অফিসারের নিকট হস্তান্তর করেন।
আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে নাম-ঠিকানা ও পরিবারের কথা জিজ্ঞেস করলে সে অসংলগ্ন তথ্য দিতে থাকে। কখনো নিজের নাম বা ঠিকানা সঠিকভাবে বলতে পারছে না, আবার কখনো পুরোপুরি নীরব থাকছে। প্রাথমিকভাব মানসিক অসচ্ছলতা বা কোনো বিশেষ পরিস্থিতিতে পড়ে সে এই অপরাধে জড়িয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে আশেপাশের এলাকা ও নিউমুড়িং স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে যুবকের পরিবারের সন্ধান বের করার চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো অভিভাবক বা আত্মীয়-স্বজনের দেখা মেলেনি।
ইপিজেড থানা পুলিশ জানায়, চুরির অপরাধে যুবককে আটক করা হলেও তার প্রকৃত পরিচয় বের করা এবং পরিবারের কাছে খবর পৌঁছানোকে এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় কোনো নাগরিক বা অন্য কেউ যদি এই যুবক সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ ইপিজেড থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।