22/11/2025
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, প্রতিবেশ পুনরুদ্ধার এবং পরিকল্পনা প্রণয়নে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের ভূমিকা বিষয়ে একদিনের পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া ও মৈদং ইউনিয়নে ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্য, ভিসিএফ (VCF) কমিটি সদস্য, স্থানীয় কাব্বারী, বয়োজ্যেষ্ঠ ও গুণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজিত প্রশিক্ষণে এলাকার জনসংখ্যা শ্রেণিবিন্যাস, সামাজিক ও সম্পদের মানচিত্র প্রণয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, প্রতিবেশ পুনরুদ্ধার এবং পরিকল্পনায় সংশ্লিষ্ট দলের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা, বন ও পরিবেশের স্বাস্থ্য পুনরুদ্ধার, সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং দলগতভাবে টেকসই পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা এবং প্রকৃতি রক্ষায় ব্যক্তিগত ও দলীয় ভূমিকা সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে আয়োজক প্রতিষ্ঠান আশা প্রকাশ করে যে, অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান তাদের নিজ নিজ এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।