27/03/2013
দোলযাত্রা
দোলযাত্রা একটি উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণআবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।
দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্নুৎসবের আয়োজন করা হয়। এই বহ্নুৎসব হোলিকাদহন বা মেড়াপোড়া নামে পরিচিত। দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলি মূলত দুই প্রকার: প্রথমটি দোলযাত্রার পূর্বদিন পালিত বহ্ন্যুৎসব হোলিকাদহন বা মেড়াপোড়া সংক্রান্ত, এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা কেন্দ্রিক কাহিনি।
আবির
আবির উপমহাদেশে ব্যবহৃত এক প্রকারের রঞ্জক পদার্থ। এটি গুঁড়া হিসাবেই ব্যাবহার হয়, তরল ভাবে নয়। হোলি খেলার সময় এটি ব্যবহার করা হয়। হোলির পূর্বে বাজারে এটি বিক্রি হয়। কৃত্রিম বা প্রাকৃতিক, দুই রকমের উৎস হতেই আবির তৈরি করা হয়। অপরাজিতা, গাঁদা, দোপাটি - এসব ফুলের নির্যাস হতে আবির তৈরি করা হয়। এই রঞ্জককে অনেক সময় অভ্রের গুঁড়ার সাথে মিশানো হয়, যার দরুন এটি জ্বলজ্বল করে।
হোলির দিন বয়স্করা আবির আশির্বাদ হিসাবে ছোটদের মাথায় আবির দেন। ছোটরা বড়দের পায়ে দেয়। তারপর খেলা সুরু হলে বড় ছোটর পার্থক্যে ঘুচে যায়। সবাই সবার গালে মুখে আবির মাখিয়ে দেয়। অনেক সময় চোখে আবির ঢুকে গিয়ে বিপদ ঘটতে পারে। আবির সাধারণতঃ বিষাক্ত নয়। কিন্তু অভ্র বা কোন কেলাসাকার গুঁড়া ব্যাবহার হলে তাতে চোখের কর্নিয়াতে আঁচড় লাগতে পারে। এই জন্যে আবিরের তৈরির সময় রং মেশাবার জন্যে ব্যাবহৃত বিভিন্ন রকম গুঁড়ার মধ্যে ট্যাল্কম পাউডারের মত অক্ষতিকর পদার্থ ব্যাবহার বাড়াবার চেষ্টা করা হচ্ছে।