01/12/2025
বেগম খালেদা জিয়ার উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা — একটি ছোট স্মৃতিচারণ
দেশের উলামায়ে কেরামের প্রতি বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা ও সম্মানবোধ কেমন ছিল—তা মনে করিয়ে দেয় এমন একটি ঘটনা এখনো আমার মনে গভীর দাগ কেটে আছে।
তখন দেশে বিএনপি সরকার ক্ষমতায়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব ছিলেন আন্দোলন-সংগ্রামের সিংহপুরুষ আল্লামা উবায়দুল হক রহ.। ইসলামের স্বার্থে কোনো জরুরি প্রয়োজনে তিনি তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন। খালেদা জিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মির্জা আব্বাসকে নির্দেশ দেন এবং তাঁর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন।
খতীব সাহেব রহ. নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ে উপস্থিত হন। কিন্তু পিএস সম্ভবত তাঁকে চিনতে পারেননি এবং শুধু “একজন হুজুর” সাক্ষাৎ চান—এ তথ্যই মন্ত্রীকে জানান। অন্য কাজে ব্যস্ত থাকায় মন্ত্রীও পিএসকে জানান অন্য সময় দেখা করার কথা।
কিন্তু বিষয়টি দ্রুতই পৌঁছে যায় বেগম খালেদা জিয়ার কানে। দেশের শীর্ষ আলেম, জাতীয় মসজিদের খতীবকে সাক্ষাৎ না করিয়ে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তিনি তৎক্ষণাৎ মির্জা আব্বাসকে ডেকে পাঠান। কঠোর নির্দেশ দেন—মন্ত্রীত্বের গাড়ি থেকে জাতীয় পতাকা ও মন্ত্রণালয়ের পতাকা নামিয়ে নিতে এবং বলেন, “এমন মন্ত্রী আমার সরকারের দায়িত্বে থাকার প্রয়োজন নেই।”
ফলাফল—মন্ত্রী পতাকা ছাড়াই ১–২ দিন চলতে বাধ্য হন। পরে তিনি নিজ ভুলের জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান এবং তখনই পুনরায় দায়িত্ব ফিরে পান।
হ্যাঁ, এটাই ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দেশের উলামায়ে কেরাম, ইসলাম, জাতি ও স্বাধীনতার প্রশ্নে ছিলেন আপসহীন। তাঁর সেই নীতিবোধ ও দৃঢ়তা আজও মানুষের মনে গভীর শ্রদ্ধা জাগায়। এজন্যই রাজনৈতিক বিরোধিতা থাকলেও দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন।
মহান আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন। আর আগামীর রাষ্ট্রনায়কেরা যেন তাঁর মতো সাহসী, আপসহীন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল হতে পারেন—এই কামনা করি।
বি.দ্র.: ঘটনাটি পুরোপুরি সত্য, যা আমি অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তির মুখ থেকে শুনেছি। দীর্ঘদিন আগের কথা হওয়ায় নাম–তারিখে কিছু ভুল থাকতে পারে। ভবিষ্যতে তথ্যসংগ্রহ করে পুরো ঘটনাটি লিখবো, ইনশা আল্লাহ। নতুন প্রজন্মের জানার জন্য এগুলো সংরক্ষণ জরুরি মনে করেছি। কারও কাছে এ বিষয়ে অতিরিক্ত তথ্য থাকলে মন্তব্যে জানাতে পারেন।
— কে এম তাহমীদ হাসান
দুই | বারো | দুই হাজার পঁচিশ