12/06/2025
নিউট্রন স্টার — মহাবিশ্বের এক রহস্যময় ও বিস্ময়কর বস্তু। এটি তখনই তৈরি হয় যখন এক বিশাল নক্ষত্রের ধ্বংস ঘটে। সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে । এই বিস্ফোরণের পর নক্ষত্রের কেন্দ্রীয় অংশটি নিজ ভারে এতটাই সংকুচিত হয়ে যায় যে, প্রোটন ও ইলেকট্রন একত্রে মিশে যায়। তৈরি করে নিউট্রন। এই নিউট্রন দিয়ে গঠিত হয় এক বিস্ময়কর, অত্যন্ত ক্ষুদ্র, অথচ খুবই ভারী বস্তু — নিউট্রন স্টার! এটি আকারে একটি ছোট শহরের মতো, ব্যাস মাত্র ২০ কিলোমিটার। কিন্তু এটির ভর সূর্যের চেয়েও বেশি, প্রায় এক থেকে তিন গুণ বেশি!
নিউট্রন স্টারের সবচেয়ে আশ্চর্য তথ্য হচ্ছে— এর মাত্র এক চামচ উপাদান যদি পৃথিবীতে আনা যেত, তাহলে সেটির ভর হতো প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন টন! কল্পনা করুন, একটি সাধারণ চা চামচ, যার মধ্যে রাখা বস্তুটির ভর সমান পৃথিবীর সব মানুষের সম্মিলিত ভরের দশ গুণেরও বেশি। পৃথিবীর আটশ কোটি মানুষের গড় ওজন ৬২ কেজি ধরা হলে, মোট ভর দাঁড়ায় আনুমানিক ৫০০ বিলিয়ন কেজি। অথচ নিউট্রন স্টারের এক চামচ পদার্থের ভর প্রায় ৫ ট্রিলিয়ন কেজি! এটি মহাকাশবিজ্ঞানের এক মজার থিওরিটিক্যাল বিষয় যা কল্পনার মতোই!
নিউট্রন স্টারে কোনো ফাঁকা স্থান নেই। আমাদের পরিচিত পরমাণুর মধ্যে যতটা ফাঁকা জায়গা থাকে, সেটুকু এখানে নেই। সমস্ত কণাগুলো পরস্পরের গায়ে গা লাগিয়ে এমনভাবে ঠাসাঠাসি করে থাকে যে, এক ইঞ্চি স্থানেও ঢোকার কোনো সুযোগ থাকে না। যেন মনে হবে মাউন্ট এভারেস্টের সম্পূর্ণ ভর একটি চিনির দানার মধ্যে সংকুচিত করে রাখা হয়েছে।
এর অভিকর্ষ বল এত প্রবল যে, এর পৃষ্ঠ থেকে আলোও সহজে বের হতে পারে না। যদি কোনো বস্তু ভুল করে এর পৃষ্ঠে পড়ে যায়, তাহলে সেটি এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ে গুঁড়িয়ে যাবে। নিউট্রন স্টার শুধুই একটি মৃত তারার অবশিষ্টাংশ নয় — এটি মহাবিশ্বের তীব্র চাপ, কণার সংঘর্ষ, পদার্থের চূড়ান্ত রূপের এক অনন্য উদাহরণ ।নিউট্রন স্টার কোনো রূপকথার মতো মনে হলেও এটি থিওরিটিক্যালি সম্ভব।
~জাওয়াদ ওসমান, এস্ট্রোনোমিকাল এক্সপার্ট, টিম বিজ্ঞানবর্ণালী